বিয়ে করতে রাজি না হওয়ায় নির্যাতন
ময়মনসিংহের নান্দাইলে এক মাদ্রাসাছাত্রীকে জোর করে বিয়ে করার জন্য রাস্তা থেকে তুলে নিজ বাড়িতে নিয়ে গেছে এক বখাটে। কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ওই বখাটে ও তার সহযোগীরা বেদম মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বিকেলে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের আবদুল আজিজের ছেলে সুরুজ (২২) প্রায় এক বছর ধরে ওই ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করছেন। কিছু দিন আগে ওই বখাটে তরুণ ছাত্রীর বাবা-মার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। মঙ্গলবার আলিম প্রথম বর্ষের ওই ছাত্রী যখন মাদ্রাসায় যাচ্ছিল, তখন বখাটে সুরুজ (২২) ও চান মিয়াসহ কয়েকজন তার পথরোধ করে আবারও বিয়ের প্রস্তাব দেন। ছাত্রীটি এবারও প্রস্তাব প্রত্যাখ্যান করলে সুরুজ ও তাঁর সহযোগীরা ধাক্কা মেরে তাকে নদীতে ফেলে দেন। পরে তাঁরা ওই ছাত্রীকে নদী থেকে তুলে আনেন। একপর্যায়ে সুরুজ রামদা ঠেকিয়ে ওই ছাত্রীকে বিয়ে করার জন্য তাঁর বাড়িতে নিয়ে যান। ওই ছাত্রীর সঙ্গে আসা একই মাদ্রাসার ছাত্রী দ্রুত মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জানায়। খবর পেয়ে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন সুরুজের বাড়ি গিয়ে আহত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে চিকিত্সাধীন ওই ছাত্রী জানায়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সুরুজ রামদা ঠেকিয়ে তাকে বলে, ‘তোকে এখনই তুলে নিয়ে বিয়ে করব।’ওই মাদ্রাসার অধ্যক্ষ বলেন, অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে রাস্তাঘাটে কেউ এখন নিরাপদ নয়। বখাটেরা যা ইচ্ছা, তাই করে বেড়াচ্ছে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সুরুজ ও তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন। তবে আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ তত্পর রয়েছে। সুরুজ, চান মিয়াসহ অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।