বিয়ে করলেন চিরকুমার সমিতির নেতা
কুমিল্লার অবিবাহিত পুরুষদের সংগঠন ‘চিরকুমার সমিতি’র সাংগঠনিক সম্পাদক তপন সেনগুপ্ত (৪৯) বিয়ে করেছেন। গত শুক্রবার দুপুরে কুমিল্লা ক্লাবে তাঁর বউভাত অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে হাজির হয়ে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগের সাংসদ, হুইপ ও সমিতির প্রধান উপদেষ্টা মো. মুজিবুল হক সমিতির সাংগঠনিক সম্পাদক তপনের হাতে অব্যাহতিপত্র তুলে দেন। চিরকুমার সমিতির রেওয়াজ অনুযায়ী, কোনো সদস্য বিয়ে করলে ওই অনুষ্ঠানেই তাঁকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতিপত্র দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে অব্যাহতিপত্র বিলি করা হয়। শুক্রবারও এর ব্যত্যয় ঘটেনি। তবে ওই দিন সমিতির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘কুমার সমিতি’। অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে এ ধরনের ঘটনা উপস্থিত মেহমানদের দিয়েছে বাড়তি আনন্দ। শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সমিতির সাংগঠনিক সম্পাদক তপনকে অব্যাহতিপত্র তুলে দেন হুইপ মুজিবুল হক। ওই সময় সমিতির অন্য নেতারা মুখ গম্ভীর করে ‘ফটোসেশনে’ মিলিত হন। উপস্থিত অতিথিরা করতালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।কুমার সমিতির সূত্র জানায়, ১৯৯৮ সালে কুমিল্লার অবিবাহিত পুরুষেরা ‘কৃষ্ণকলি’ নামের একটি সংগঠন করেন। ২০০১ সালে সংগঠনের নাম পরিবর্তন করে ‘চিরকুমার সমিতি’ রাখা হয়। বর্তমানে ওই সমিতির সদস্যসংখ্যা ২৯ জন। এর মধ্যে গত কয়েক বছরে কমিটির প্রচার সম্পাদক দিলীপ মজুমদার, সদস্য অচিন্ত্য দাস টিটু ও প্রহ্লাদ দেবনাথ এবং সর্বশেষ সাংগঠনিক সম্পাদক তপন বিয়ে করেন।জানতে চাইলে সমিতির সভাপতি প্রদীপ কুমার পাল বলেন, ‘চিরকুমার সমিতি থেকে কেউ ঝরে গিয়ে বিয়ে করলে আমরা বিব্রত হই। তখন তাঁকে অব্যাহতিপত্র দিই। বর্তমান নেতৃত্বকে বিব্রত না করতে সমিতির প্রধান উপদেষ্টা হুইপ মো. মুজিবুল হকের অনুরোধে আমরা সংগঠন থেকে “চির” শব্দটি বাদ দিয়েছি। হুইপ মুজিব নিজেও চিরকুমার।’