বিয়ে করে রক্ষা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর সেই মামলা থেকে রক্ষা পেতে ওই নারীকেই বিয়ে করতে বাধ্য হয়েছেন আবদুস সহীদ নামের এক ব্যক্তি।
গতকাল রোববার উপজেলা সদরের একটি কাজি অফিসে তিন সন্তানের বাবা ওই ব্যক্তি প্রথম স্ত্রীর লিখিত অনুমতি ও স্ত্রীর উপস্থিতিতে দুই লাখ টাকা দেনমোহর দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এ সময় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান উপস্থিত ছিলেন।
মতিউর রহমান জানান, ধর্ষণের ঘটনা ঘটে গত মঙ্গলবার রাতে। এরপর ওই নারী আবদুস সহীদের বিরুদ্ধে মামলা করতে চাইলে গ্রামের কিছু লোকের উদ্যোগে দুই দফায় সালিস বৈঠক হয়। সালিসে দোষ স্বীকার করেন সহীদ। পরে তিনি কাবিন ছাড়াই ওই নারীকে বিয়ে করতে চান। কিন্তু কাবিন ছাড়া বিয়ের সিদ্ধান্ত মেনে নেননি সালিসকারীরা। পরে ওই নারীকে আইনের আশ্রয় নিতে বলেন তাঁরা। ওই নারী মামলা করার উদ্যোগ নিলে সহীদ কাবিনসহ বিয়ে করতে রাজি হন। এরপর গতকাল দুপুরে তাঁদের বিয়ে পড়ানো হয়।
মতিউর রহমান বলেন, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে। বিয়েতে সহীদের প্রথম স্ত্রী লিখিত অনুমতি দিয়েছেন।