বিয়ে করে হন পরিবারের বিরাগভাজন, অতঃপর 'নিখোঁজ' ও জিডি
পরিবারের অমতে বিয়ে করেছিলেন এক তরুণ। মা-বাবা সেই বিয়ে মেনে না নেওয়ায় গত দুই বছরের বেশি সময় বাড়িতে আসেননি তিনি। মুঠোফোনও বন্ধ ছিল। পরিবারটি এত দিন বিষয়টির প্রতি গুরুত্ব না দিলেও এখন পুলিশের চাপে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এ ঘটনা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার।
‘নিখোঁজ’ ওই তরুণের নাম নাজমুস সাকিব ওরফে ফেরদৌস সরদার (২৮)। তিনি দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের কোলগ্রামের সাইদুর রহমান সরদারের ছেলে। তিনি ১৮ জুলাই ছেলে নিখোঁজের বিষয়ে দুপচাঁচিয়া থানায় জিডি করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নাজমুস সাকিব বগুড়ার টিএমএসএস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি হন। ২০০৯ সালে ওই প্রতিষ্ঠানেরই একটি মেয়েকে (জিডিতে মেয়েটির পূর্ণাঙ্গ পরিচয় নেই। কেবল লেখা আছে, নাম আঙ্গুরি বেগম। বাবার নাম আবদুল কাইয়ুম মাস্টার। বাড়ি দিনাজপুর) বিয়ে করেন। কিন্তু এ বিয়ে মানতে পারেননি সাকিবের মা-বাবা। ফলে সাকিব আর স্ত্রীকে তাঁর বাড়িতে আনতে পারেননি। তবে তিনি মাঝেমধ্যে আসতেন। সর্বশেষ এসেছিলেন ২০১৪ সালের এপ্রিলে। এত দিন বিষয়টির প্রতি তেমন গুরুত্ব দেয়নি পরিবার। তবে সম্প্রতি দেশের চলমান জঙ্গি তৎপরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। দুপচাঁচিয়া থানার পুলিশ সাকিবের নিখোঁজ থাকার বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে যায়। এরপর তাঁর বাবা সাইদুর রহমান জিডি করেন। এরপর থেকে মাঝেমধ্যেই পুলিশ সাকিবের খোঁজে কোলগ্রামে আসছে।
গত শনিবার কোলগ্রামে গিয়ে মোল্লাপাড়ার বাড়িটির দরজায় কড়া নাড়তেই বের হন সাইদুর রহমান। পরে বেরিয়ে আসেন সাকিবের মা ফিরোজা বেগম। তিনি বলেন, সাকিব ছোটবেলা থেকে ভালো ছাত্র ছিলেন। তিনি প্রথমে গ্রামের একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়তেন। পরে কাহালুর পীলকুঞ্জ শাহ সুলতান ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন। কয়েক মাস পর পলিটেকনিক ছেড়ে ম্যাটসে ভর্তি হয়। সেখানে প্রেম করে একটি মেয়েকে বিয়ে করেন। এরপর ২০১৪ সালে শেষ একবার বাড়ি আসেন। তারপর থেকে মুঠোফোনটিও বন্ধ। শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়েও আর ছেলের সন্ধান পায়নি তাঁর পরিবার।
বগুড়ার ম্যাটসের অধ্যক্ষ আকতারুজ্জামান মুঠোফোনে বলেন, সাকিব তাঁর প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তবে ২০১২ সালের পর থেকে তিনি আর কলেজেও আসছেন না।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ওই গ্রামে কয়েকবার গিয়ে সাকিবের ব্যাপারে তদন্ত করা হয়েছে। জিডি হওয়ার পর তাঁর খোঁজে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।