বিয়ে করেও ঘরছাড়া
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তারাপাশা চা-বাগানের শ্রমিক রসরাজ ভূমিজ ভালোবেসে গত বছরের ৫ জানুয়ারি মিতা রবিদাসকে বিয়ে করেন। দুজন দুই বর্ণের। এই অপরাধে বিয়ের পর তাঁদের সমাজচ্যুত করা হয়। ঘর থেকে বের করে দেওয়া হয়। এর পর থেকে চা-বাগানের একটি কার্যালয়ের খোলা বারান্দায় মানবেতর জীবনযাপন করছে এই দম্পতি।রসরাজ প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতে গিয়ে বৈধভাবে বিয়ে করেছি। আমার কোম্পানির দেওয়া ঘর আছে। কিন্তু আমরা “দুই জাতের” বলে আমাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। সমাজপতিরা বলে বউ ছেড়ে দে। তাইলে ফিরে আসতে পারবি। নাইলে বাগান ছেড়ে দে। আমি চা-শ্রমিক, বাগান ছাড়া যাইমু কই।’ রসরাজের অভিযোগ, টিলাগাঁও ইউপির সদস্য অঞ্জন গোস্বামীসহ বেশ কয়েকজন ব্যক্তি তাঁদের কোম্পানির বরাদ্দ করা বসতবাড়িতে থাকতে দিচ্ছে না। রসরাজ (২৬) ও মিতা (২২) বলেন, এই বিষয়ের প্রতিকার চেয়ে তাঁরা বাগানের ব্যবস্থাপক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেও কোনো সুফল পাননি। এই অভিযোগ প্রত্যাখ্যান করে অঞ্জন গোস্বামী বলেন, ‘মেয়ে ও ছেলে দুই জাতের। ছেলের বংশের লোকজন এই বিয়ে মেনে নিতে চাইছে না।’ তারাপাশা চা-বাগানের ব্যবস্থাপক জহির আলী বলেন, আমি দুই পক্ষকে বিষয়টি মীমাংসা করার জন্য বলেছি।