বিয়ে করেনি নিশাত ধরেছে পড়ার হাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাবের সংসার। স্কুলে পড়ার সময় তিনবার বিয়ে ঠিক হলেও বিয়ের পিঁড়িতে বসেনি মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্ঠদহ গ্রামের নিশাত মুন্নী। পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে জয়ী হয়েছে সে। এবারের এসএসসি পরীক্ষায় গাংনী মডেল স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে নিশাত কৃষক বাবার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। বাবা আয়ুব আলী বলেন, ‘উচ্চশিক্ষার খরচ বহনের ক্ষমতা আমার নেই। লোকজন আর কত সাহায্য করবে।’ তিন বোনের মধ্যে ছোট নিশাত জানায়, ভবিষ্যতে সে প্রকৌশলী হতে চায়। গাংনী মডেল স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, পড়াশোনা চালিয়ে যেতে পারলে সে একদিন প্রকৌশলী হবে।অষ্টম শ্রেণীতে সাধারণ শাখায় বৃত্তি লাভের পর এবারের এসএসসি পরীক্ষায় বরগুনা সদর উপজেলার গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে বাইশতবক গ্রামের বেলাল হোসেন। বাবা আবদুস সালাম মাছ বিক্রেতা। তাঁর আয়ে সাতজনের সংসারের তিন বেলা আহার জোটে না। তাই বেলালকে পড়াশোনার খরচ মেটাতে রাস্তায় মাটির কাজ, কখনো অন্যের বাড়িতে কাজ করে টাকা জোগাড় করতে হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক বলেন, গ্রামের লোকজন চাঁদা তুলে ও বেলাল নিজে শ্রমিকের কাজ করে পড়াশোনাটা চালিয়ে গেছে। বেলাল বলে, জীবনের সব কষ্ট মুছে গেছে ফলাফল শুনে। এখন চিন্তা এই কৃতিত্ব ধরে রাখা। এ জন্য আরও কঠিন সংগ্রাম করতে হবে।[প্রতিবেদন পাঠিয়েছেন এম জসীম উদ্দিন, বরগুনা ও তুহিন আরন্য, মেহেরপুর]