বিয়ে ঠেকাল কনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ । প্রতীকী ছবি
বাল্যবিবাহ । প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিজের বাল্যবিবাহ ঠেকিয়েছে নবম শ্রেণির এক ছাত্রী (১৩)। আজ মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রী সহপাঠীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে নিজের বাল্যবিবাহ বন্ধের জন্য লিখিত আবেদন করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেয়েটির অভিভাবকদের ডেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেন।

ওই স্কুলছাত্রী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌরসভার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে মেয়েটি। তার বাবা সৌদিপ্রবাসী। মেয়েটিকে না জানিয়েই উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামের এক যুবকের (২৮) সঙ্গে বিয়ের আয়োজন করেন তার মা ও খালা। আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক হয়। গত সোমবার মেয়েটি বিয়ের কথা জানতে পারে। আজ মঙ্গলবার সকালে সে স্কুলে গিয়ে সহপাঠীদের এ কথা জানায়। এরপর দুই সহপাঠী ও দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে ইউএনওর কার্যালয়ে গিয়ে বিয়ে বন্ধের জন্য লিখিত আবেদন করে মেয়েটি। এরপর হবু বর ও মেয়েটির মা ও খালাকে খবর দেন ইউএনও। এরপর বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকারনামায় তাঁদের স্বাক্ষর নেওয়া হয়। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা দেন মেয়ের মা।

ওই স্কুলছাত্রী প্রথম আলোকে বলে, ‘আমি বিয়ের ব্যাপারে কিছুই জানতাম না। যখন শুনেছি আমার বিয়ে, তখন মাকে বিয়ে বন্ধ করার জন্য বলি। তিনি আমার কথা শোনেননি। এ কারণে আমি বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের কাছে এসেছি। আমি আগে পড়াশোনা শেষ কবর, তারপর বিয়ে করতে চাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম সরফরাজ প্রথম আলোকে বলেন, ‘একজন স্কুলছাত্রী উদ্যোগী হয়ে নিজের বাল্যবিবাহ বন্ধের জন্য সহপাঠীদের নিয়ে আমার কাছে আসে। আমি বাল্যবিবাহ বন্ধ করেছি। সাহসী ওই স্কুলছাত্রী ও তার তিন সহপাঠীকে চারটি বাইসাইকেল পুরস্কার দেওয়ায় ঘোষণা দেওয়া হয়েছে।’

রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী
সিরাজগঞ্জের চৌহালীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। গতকাল সোমবার রাতে উপজেলার খাস পুখুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান বলেন, মালয়েশিয়াপ্রবাসী এক ছেলের সঙ্গে সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল। এ খবর পাওয়ার পর বিয়ের দিন পুলিশ ও খাস পুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সরকারকে সঙ্গে নিয়ে কাজি ও বরকে আটক করা হয়। কনের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করা হয়। পরে মুচলেকা নিয়ে কাজি ও বরকে ছেড়ে দেওয়া হয়।