বিয়ে-তালাক দুটিই বেশি সিরাজগঞ্জের চরাঞ্চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিরাজগঞ্জ জেলার মধ্যে ১ নম্বর হলো কাজীপুর উপজেলা। আর কাজীপুর উপজেলার মধ্যে আমার এই নাটুয়ারপাড়া ইউনিয়ন আছে ১ নম্বরে। এই ১ নম্বরে থাকা মানসম্মানের কিছু না।’
কথাগুলো বলছিলেন নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোজাম্মেল সরকার। গত শনিবার দুপুরে তাঁর সঙ্গে কথা হচ্ছিল নাটুয়ারপাড়া বাজারে। সিরাজগঞ্জ জেলার মধ্যে এখানেই বাল্যবিবাহের ঘটনা সবচেয়ে বেশি। তিনি জানালেন, একটি বেসরকারি সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে। তাঁর মতে, এখানে ১৪-১৫ বছরের মধ্যেই অধিকাংশ মেয়ের বিয়ে হয়ে যায়।
কাজীপুরের ১২টি ইউনিয়নের মধ্যে নাটুয়ারপাড়া, খাস রাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগর ও তেকানি ইউনিয়ন যমুনার ভেতরের বিভিন্ন চরে। কাজীপুর থেকে সবচেয়ে কাছে নাটুয়ারপাড়া। যেতে ইঞ্জিনচালিত নৌকায় এক ঘণ্টার বেশি সময় লাগে।
ছাত্রছাত্রীর সংখ্যা ও পরীক্ষার ফলের বিবেচনায় ঘোড়াগাছা বহুমুখী উচ্চবিদ্যালয় নাটুয়াপাড়ার সেরা। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক ফজুল হকসহ কয়েকজন জানালেন, সাধারণত বিয়ের পর ছাত্রীরা আর স্কুলে আসে না। আর কিছু ঝরে যায় নদীর ভাঙনে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মধ্যেই বাল্যবিবাহের হার বেশি। বর্তমানে এই স্কুলে ৬৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৬৮ জন ছাত্রী। এবার অষ্টম শ্রেণিতে জেএসসি পরীক্ষার্থী ছিল ১২৭ জন। তাদের মধ্যে ছাত্রী ৬৩ জন। অথচ তারা যখন ২০১৩ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল, তখন ছাত্রীর সংখ্যা ছিল ৮৮ জন। শিক্ষকদের ধারণা, ঝরে যাওয়া ২৫ জনের মধ্যে হয়তো দু-তিনজন ছাড়া সবাই বাল্যবিবাহের শিকার।
জানা গেল, এখন যারা দশম শ্রেণিতে পড়ছে, তাদের মধ্যে ছাত্রী ৩৩ জন। এই ব্যাচে ষষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তি হয়েছিল ৯৬ জন। এখন যারা নবম শ্রেণিতে পড়ছে, তাদের মধ্যে ছাত্রী ৩৩ জন। ষষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তি ছিল ৬৩ জন। সবচেয়ে ভালো স্কুলটির পরিসংখ্যান থেকেই দেখা গেল, প্রতিবছর যত ছাত্রী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হচ্ছে, এসএসসি পর্যন্ত যেতে তাদের প্রায় অর্ধেকই ঝরে যাচ্ছে প্রধানত বাল্যবিবাহের কারণে।
বাল্যবিবাহের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এমন এক ছাত্রী জানাল, ষষ্ঠ শ্রেণিতে তার বিয়ে হয়েছিল। সাত মাসে তালাক হয়েছে। মানিয়ে নিতে পারছিল না। স্বামীর বয়সও বেশি। প্রধান শিক্ষকের কক্ষে এসব কথা বলার সময় সে কাঁদছিল। বাবার বড়ি এসে সুমাইয়া আবার স্কুলে ফিরেছে। ইচ্ছা পড়ালেখা চালিয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাল্যবিবাহের শিকার এক শিক্ষার্থীর বাবা বলেন, ‘এখন মাইয়া টান আছে বুইঝলেন। বয়স বেশি হলি অচল হয়া যাবিনি।’ বক্তব্যের সারমর্ম হলো, কম বয়সের মেয়েদের বিয়ের বাজারে চাহিদা ভালো। বয়স বাড়ালে নাকি পাত্রদের তেমন আগ্রহ থাকে না। মেয়ে তখন ওই বাবার ভাষায় ‘অচল’।
সব ক্ষেত্রেই যে এমন, তা নয়। বাল্যবিবাহ প্রতিরোধে অন্তত ১০টি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে সিরাজগঞ্জে। তার একটি সাউথ এশিয়ান পার্টনারশিপ বাংলাদেশ (সেপ)। এর প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান জানালেন, দারিদ্র্যের কারণে মেয়ে বিয়ে দিয়ে হালকা বোধ কারার তাগিদ, দেখতে সুন্দর হলে বখাটের উৎপাত, আবার প্রেমে পড়ে মেয়েদের ঘর ছেড়ে যাওয়ার আশঙ্কা—এসবই বাল্যবিবাহের প্রধান কারণ।
জাল জন্মসনদ বাল্যবিবাহের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা জানান, তাঁরা না দিলেও সনদ তৈরি করা কঠিন নয়। নকল রোধ করতে কেন্দ্রীয়ভাবে সারা দেশেই এমন এক প্রকার সনদ তৈরি করা যেতে পারে, যা সহজেই নকল করা যায় না।
ইদানীং সরকারিভাবে বাল্যবিবাহ রোধে চাপ থাকায় অনেকেই ছেলেমেয়েকে অন্য গ্রামে নিয়ে গিয়ে গোপনে বিয়ে দিয়ে দিচ্ছেন বলে জানালেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে প্রতি মাসেই দু-তিনটি বিয়ে বন্ধ করে দিচ্ছেন। অনেককে অর্থদণ্ডসহ গত মাসে কারাদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে দুই অভিভাবকে। আর ইউনিয়ন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, অভিভাবকদের নিয়ে প্রতি মাসেই সচেতনতামূলক সভা-সমাবেশ চলছে। তবে এতে বাল্যবিবাহ কি কমেছে? তিনি কবুল করলেন, ‘কমেছে বলতে পারি না। তবে বাল্যবিবাহের কুফল এবং এটি যে বেআইনি, দণ্ডযোগ্য অপরাধ, সে কথাটি সবার কাছে পৌঁছে দিতে পেরেছি।’ তাঁর এই বক্তব্য শুনে মনে হলো—সম্ভবত এরই ফল হচ্ছে, নিজ গ্রাম থেকে লুকিয়ে অন্য গ্রামে নিয়ে গিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেওয়া।