বিয়ে না করানোয় ক্ষিপ্ত হয়ে বাড়িতে অগ্নিসংযোগ
ফেনীর সোনাগাজীতে এক যুবক তাঁকে বিদেশ না পাঠানো এবং বিয়ে না করানোয় ক্ষিপ্ত হয়ে ঘরে অগুন ধরিয়ে দেন। এতে বাড়ির তিনটি বসতঘরসহ পাঁচটি ঘর ভস্মিভূত হয়ে গেছে। তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তিনি তাঁর চাচাত ভাই জিয়া উদ্দিনকে দা দিয়ে কুপিয়ে জখম করেন।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের বড় হর্দার বাড়ির মৃত জালাল আহম্মদের পাঁচ ছেলে। তাঁদের একজন আবুধাবি থাকেন, দুজন বাড়িতে কৃষিকাজ করেন, একজন ঠিকাদারি করেন এবং ছোট ছেলে মাঈনুদ্দিন (৩০) কিছুই করেন না। কিছুদিন ধরে মাঈনুদ্দিন বিদেশ যাওয়া ও বিয়ের জন্য তাঁর ভাইদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ ও হুমকি দিতে থাকেন বলে তাঁর ভাই মোস্তাফিজ ও রফিকুদ্দিন পুলিশকে জানান।গতকাল বৃহস্পতিবার দুপুরে মাঈনুদ্দিন তাঁর ভাইদের সঙ্গে রাগারাগি করে প্রথমে নিজ ঘরে আগুন লাগান। এ সময় তাঁর চাচাত ভাই জিয়া উদ্দিন তাঁকে বাধা দিতে এগিয়ে এলে তাঁকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। জিয়া স্থানীয়ভাবে চিকিত্সা নেয়। আগুনে মাঈনুদ্দিনের ভাইদের তিনটি বসতঘরসহ পাঁচটি ঘর ভস্মিভূত হয়ে গেছে। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ ও ফেনী থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পোঁছালেও ততক্ষণে সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকার সম্পদ ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে মাঈনুদ্দিন পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রবাসী মোশারফের শ্বশুর নুরুল ইসলাম বাদী হয়ে মাঈনুদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি অভিযোগ করেন।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।