বিয়ে না করায় আত্মহত্যা মামলা দায়ের, গ্রেপ্তার ২
বিয়ের প্রলোভন দিয়ে প্রেমে জড়িয়ে অনৈতিক মেলামেশা৷ এরপর প্রেমিক বিয়ে না করায় আত্মহত্যা করেছেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের লতা আক্তার ওরফে নিশি (১৮)। এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে৷
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘প্রেমিককে বিয়ে করতে না পেরে লতা আক্তার আত্মহত্যা করেছেন বলে জেনেছি। এ ঘটনায় তঁার বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে শুক্রবার থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে একটি মামলা করেন। মামলায় প্রেমিক রবিউল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে৷ ইতিমধ্যে রবিউলের মা জাহেরা বেগম ও ছোট ভাই সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে৷ রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে শুক্রবার সকালে লতা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
এলাকাবাসী কয়েকজন জানান, লতা আক্তারকে বিয়ের কথা বলে তিন মাস ধরে অনৈতিক মেলামেশা করেন একই গ্রামের রবিউল ইসলাম। সম্প্রতি রবিউল ইসলাম বিয়ে করবেন না বলে লতাকে জানিয়ে দেন৷ পারিবারিকভাবেও কোনো প্রতিকার না পেয়ে লতা বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে বাঁশঝাড়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল বলেন, ‘বিয়ের কথা বলে প্রেমে জড়িয়ে মেলামেশার পর প্রেমিক চলে গেছেন৷ এদিকে বিয়ে করতে ব্যর্থ হয়ে লতা আত্মহত্যা করেছেন বলে শুনেছি। ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয় মাতব্বরেরা গ্রাম্য সালিস করেছিলেন কি না, তা আমার জানা নেই।’