বিয়ে নিবন্ধক মোবাইল ফোনে বর-কনের বয়স যাচাই করবেন
বিয়ে নিবন্ধনের সময় বিয়ে নিবন্ধক আবশ্যিকভাবে তাঁর মোবাইল ফোনের সাহায্যে কোড (*১৬১০০#) ডায়াল করে বা ১৬১০০ নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে বর-কনের বয়স যাচাই করবেন। বয়স নিশ্চিত হলে বিয়ে নিবন্ধন সম্পন্ন করা হবে। নিবন্ধক নিবন্ধন শেষে সিস্টেম থেকে পাঠানো একটি ১২ ডিজিটের আইডি নম্বর পাবেন, যা সংশ্লিষ্ট বিয়ের নিবন্ধন নম্বর হিসেবে রেজিস্ট্রারে (বালাম বই) সংরক্ষণ করবেন। খুদে বার্তার মাধ্যমে বিয়ে নিবন্ধন সম্পাদন-সংক্রান্ত তথ্য বর বা কনেকে পাঠানো হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় কুড়িগ্রাম জেলায় মোবাইল ফোনের মাধ্যমে বয়স যাচাই ও বিবাহ নিবন্ধন-বিষয়ক পাইলট প্রকল্পে এখন থেকে এভাবেই বিয়ে নিবন্ধন হবে। গতকাল বুধবার ‘যদি মেয়ের বয়স ১৮ আর ছেলের ২১ আজ, যাচাই শেষে করুন বিয়ে নিবন্ধনের কাজ’ শীর্ষক স্লোগান সামনে রেখে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর থেকে প্রকল্পটি উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক (নিবন্ধন) আবদুল মান্নান উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন।
অনুষ্ঠানে জানানো হয়, কোথাও বাল্যবিবাহ প্রতিরোধে ব্যর্থ হলে তার প্রতিকার এবং মোবাইল ফোনে বিবাহ নিবন্ধনে অনিয়ম হলে যেকোনো মোবাইল ফোন থেকে জাতীয় হেল্পলাইনে (১০৯) বিনা মূল্যে কল করা যাবে।
এই প্রকল্পের আওতায় বিবাহ নিবন্ধক বা বিবাহ অনুষ্ঠান পরিচালনাকারী ধর্মীয় ব্যক্তি (মৌলভি, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক ইত্যাদি) সরকারের বিদ্যমান অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ, জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ ও বিভিন্ন শিক্ষা বোর্ডের অনলাইন ডেটা সেন্টারে নাগরিক ও পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্ম-সম্পর্কিত সংরক্ষিত তথ্য যাচাইয়ের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখতে পারবেন।