বিয়ে নিয়ে ‘রাজনৈতিক চক্কর’
একটি মুঠোফোন হারানো নিয়ে বিয়ের দিনই বচসা হয় বর ও কনেপক্ষের মধ্যে। এক দিন পর কনেকে নিয়ে বর শ্বশুরবাড়ি আসেন। সেই ঘটনা নিয়ে ফের গন্ডগোল বাধে। একপর্যায়ে বরসহ চারজনকে পিটুনি দিয়ে কনেপক্ষ তাঁদের পুলিশে সোপর্দ করে। এ ঘটনা নিয়ে শ্রমমন্ত্রীর ভাই প্রতিবাদ সমাবেশ করার পর নববধূ গণধর্ষণের মিথ্যা মামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ফরিদপুর জেলার। ৮ এপ্রিল জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের ইব্রাহিম শেখের (২২) সঙ্গে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের এক মেয়ের (সংগত কারণে মেয়ের পরিচয় প্রকাশ করা হয়নি) বিয়ে হয়।বিয়ের দিন কনের বাড়িতে বরের পকেট থেকে একটি মুঠোফোন ও কিছু টাকা খোয়া যাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। বিয়ে পড়ানোর পর কনে নিয়ে বাড়ি ফেরেন বর। ১০ এপ্রিল বিকেলে নববধূ, বড় ভাই মিরান শেখ ও দুই ভগ্নিপতি সোহরাব মোল্যা ও নাজির শেখকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান ইব্রাহিম। ফের বিষয়টি নিয়ে দুই পক্ষে তর্ক বাধে। একপর্যায়ে কনের অভিভাবকেরা ইব্রাহিমসহ চারজনকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। বিষয়টি সুরাহার জন্য ১১ এপ্রিল ইব্রাহিমের আরেক ভাই মাহফুজ শেখ কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির সিদ্দিকুর রহমানকে প্রস্তাব দেন। চেয়ারম্যান তাঁদের আপস মীমাংসার জন্য ইউনিয়নের বাসিন্দা শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেনের ফরিদপুরের বাড়িতে আসতে বলেন। কথামতো ওই দিন সন্ধ্যায় মাহফুজ স্থানীয় পাঁচজন মুরব্বি (ফজলু, টুকু মিয়া, কামরুজ্জামান মোল্লা, মিরাজ শেখ ও লাল চান) নিয়ে খন্দকার মোহতেশাম হোসেনের বাড়িতে যান। কিন্তু কোনো সালিস না করে ছয়জনকে পুলিশে সোপর্দ করা হয়।১২ এপ্রিল সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোহতেশাম হোসেনের নেতৃত্বে শহরে মিছিল বের করেন। মিছিলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দীন আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিযোগ, কনেকে বরের বাড়িতে নিয়ে ‘গণধর্ষণ’ করা হয়েছে। তাঁরা একে ‘শতাব্দীর নৃশংসতম গণধর্ষণ’ বলে দাবি করেন। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কনের পক্ষ হয়ে তথাকথিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।একই দিন বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কাশেমকে সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসে চড়ে কনে নিজে সালথা থানায় যান। সেখানে স্বামী ও ভাশুরসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সালথা থানার এসআই ওমর আলী উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।মামলার এজাহারে বলা হয়েছে, ৮ এপ্রিল বাসর রাতে ও পরদিন রাতে স্বামী ইব্রাহিম তাঁকে ‘ফুসলাইয়া’ ও ‘ভুল বুঝাইয়া’ কয়েক দফা শারীরিক সম্পর্ক করেন। ১০ এপ্রিল সকাল ১০টার দিকে বাসর ঘরে ঢুকে স্বামী, তাঁর বড় ভাই, দুই ভগ্নিপতিসহ (স্বামীর) পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেন। এর সাক্ষী শ্বশুরবাড়িতে তাঁকে (কনের) দেখতে আসা তাঁরই দুই ভগ্নিপতি বাবলু ও গোলাম তহুর। ধর্ষণের ঘটনাটি তাঁরা বাসর ঘরের জানালা দিয়ে দেখেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ১৩ এপ্রিল ফুকরা গ্রামে ইব্রাহিমের বাড়িতে গিয়ে এজাহারের বিবরণের সঙ্গে নানা অসংগতি পাওয়া গেছে। যে ঘরটিতে বাসর হয়েছে, সেটি একটি টিনের ঘরের বারান্দার অংশ। যেখানে পর্দা দিয়ে ঘরের মতো বানানো হয়েছে। যার কোনো দরজা-জানালা থাকার প্রশ্নই আসে না। বিয়ে বাড়িতে নারী-পুরুষ মিলে প্রায় ২৫-৩০ জন মানুষ ছিল। এমন অবস্থায় সকাল ১০টার দিকে নববধূকে গণধর্ষণের ঘটনা ঘটার কোনো পরিবেশ ও সুযোগ পরিলক্ষিত হয়নি।ইব্রাহিমের বৃদ্ধ বাবা খালেক শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোবাইলটি মেয়ের এক চাচাতো জামাতার হাতে পড়ে। সেটি ফেরত না দেওয়ায় তাদের চোর বলা হয়। এতে ওরা ক্ষিপ্ত হয়ে আমার ছেলে ও মেয়ের জামাতাদের পিটুনি দিয়ে পুলিশে দেয়।’ তিনি অভিযোগ করেন, ‘এ ঘটনা নিয়ে শ্রমমন্ত্রীর ভাই প্রতিবাদ সমাবেশ করার পর বউ মিথ্যা ধর্ষণ মামলা করেছে।’ইব্রাহিমের মা মরিয়ম বেগম বলেন, ‘আমরা জানতে পেরেছি, মেয়েটির সঙ্গে তাঁর এক আত্মীয়ের অবৈধ সম্পর্ক ছিল। এ জন্য মেয়েটি আমার ছেলে ও জামাইদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।’একই দিন কথা হয় কৈজুরী ইউনিয়নে কনের মায়ের সঙ্গে। তিনি বলেন, ‘ইব্রাহিম, তার ভাই ও ভগ্নিপতিরা আমার মেয়ের হাত-পা বেঁধেছিল কুকাজ করার জন্য। কিন্তু সে চিৎকার দেওয়ায় মেয়েকে আনতে যাওয়া দুই জামাই ঘটনাস্থলে এসে পড়ে। ওদের উদ্দেশ্য সফল হয়নি।’ তবে বিয়ের আগে তাঁর মেয়ের সঙ্গে কারও সম্পর্কের কথা তিনি অস্বীকার করেন। মেয়ের দুই ভগ্নিপতি বরের বাড়িতে অবস্থান করার পরও কীভাবে ধর্ষণের ঘটনা ঘটে? যাঁরা ওই ধর্ষণের নায়ক ওই দিন বিকেলে তাঁরাই বা কীভাবে কনের সঙ্গে তাঁর বাবার বাড়িতে আসেন, জানতে চাইলে কনের মা কোনো সদুত্তর দিতে পারেননি।ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুনীল কর্মকার জানান, ১০ ও ১১ এপ্রিল ইব্রাহিমসহ যে ১০ জনকে আটক করা হয়েছে, তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই নুরুন্নবী জানান, অভিযোগের তদন্ত চলছে। ১৩ এপ্রিল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মেডিকেল প্রতিবেদন গতকাল শনিবার পর্যন্ত পাওয়া যায়নি। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ সুপারকে সুপারিশ করা হয়েছে।শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন বলেন, ‘আমি সব ধরনের নারী নির্যাতনবিরোধী। এ কারণেই প্রতিবাদ সমাবেশ করেছি, স্মারকলিপি দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘একটি মেয়ে যখন অভিযোগ করে তাঁকে ধর্ষণ করা হয়েছে, তখন সে অভিযোগ সত্য না হয়ে পারে না।’ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ হোসেন প্রথম আলোকে বলেন, একটা বৈবাহিক সম্পর্ককে নিয়ে রাজনীতি করা দুঃখজনক। যাঁরা এ ঘটনায় ইন্ধন জুগিয়েছেন, তাঁরা নিজস্ব স্বার্থের কারণেই করেছেন। এর সঙ্গে জেলা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।