বিয়ে বন্ধ করলেন ইউএনও শিশু গেল শ্বশুরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ এপ্রিল মধ্যরাত। জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের মুঠোফোনে খবর আসে, জেলার কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের মুড়াইল গ্রামে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক মেয়েশিশুকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে।বিয়ে বন্ধের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন জেলা প্রশাসক। ইউএনও মো. হাফিজুর রহমান সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে হাজির হন বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে তখন চলছিল বরযাত্রীদের আপ্যায়নের জন্য রান্নার কাজ। ঘরে চলছিল কনে সাজানোর কাজ। তবে বর তখনো বিয়ে বাড়িতে এসে পৌঁছাননি।ইউএনও খোঁজ নিয়ে জানতে পারেন, বিয়ের জন্য কনের সাজে যাকে সাজানো হচ্ছে, সেই মেয়ে সনি আক্তার স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। বয়স খুব বেশি হলে ১০ বছর হবে। এরপর তিনি এ শিশুটির বিয়ে বন্ধের জন্য তাঁর বাবা আবদুল গফুর মণ্ডলের সঙ্গে কথা বলেন।গফুর মণ্ডল স্বীকার করেন, ‘পাশের হাজিপাড়া গ্রামের এক সন্তানের বাবা মানিক মিয়ার (৪০) সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ায় মানিক দ্বিতীয় বিয়ে করছেন।’ সবকিছু শোনার পর ইউএনও সনি আক্তারের বিয়ে বন্ধের জন্য তার মা-বাবাকে নির্দেশ দেন।আবদুল গফুরও ইউএনওকে এ ব্যাপারে আশ্বস্ত করেন যে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, সনিকে এ বয়সে বিয়ে দেবেন না। বরপক্ষকে বিয়ে করতে না আসার জন্য এখনই তিনি নিষেধ করে দেবেন। কনের বাবার কথায় আশ্বস্ত হয়ে ইউএনও পুলিশ নিয়ে বিয়ে বাড়ি ত্যাগ করেন। ইউএনও বিয়ে বন্ধ করে ফিরে যাওয়ার একটু পরেই বরযাত্রী এসে হাজির। আবদুল গফুরের সমঞ্চতিতেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। কাজি ডেকে বিয়ে পড়ানো হয়। বিয়ে নিবন্ধন করেন দক্ষিণ পাকুরিয়া গ্রামের এমদাদ হোসেন। এ ব্যাপারে আবদুল গফুর বলেন, ‘মেয়ের বিয়ে হয়েছে ঠিক। তবে এ ব্যাপারে আমি এখন কোনো কথা বলব না।’আহমেঞ্চদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খয়ের মওলা বলেন, ‘ইউএনও যাওয়ার আগেই ওই রাতে বিয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছিল। আর বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করার পর শিশুটির বিয়ে পড়ানো হয়। বিয়ের বিষয়টি শনিবার ইউএনওকে জানিয়ে দেওয়া হয়েছে।’ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে আমি ওই দিন মধ্যরাতে পুলিশ নিয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছিলাম। আমার নির্দেশ উপেক্ষা করে পরে বিয়ে দেওয়া হয়েছে এটা জানা ছিল না।’জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘বাল্যবিবাহ সমাজের একটি মারাত্মক ব্যাধি। বাল্যবিবাহের কারণে পারিবারিক ও সামাজিক শান্তি বিঘ্নিত হয়। হুমকির মুখে পড়ে নারীস্বাস্থ্য। বাড়ে মাতৃত্বকালীন মৃত্যুঝুঁকি। জনসংখ্যা বৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই বাল্যবিবাহ বন্ধে শুধু গণসচেতনতা নয়, প্রয়োজন সামাজিক আন্দোলনের। ম্যারেজ রেজিস্ট্রার ও ইমামরা বাল্যবিবাহকে “না” বললে এ সামাজিক ব্যাধি অনেকটা কমিয়ে আনা সম্ভব।’