বিয়ে বাড়িতে খেয়ে শতাধিক আক্রান্ত
দিনাজপুর সদর উপজেলায় গত শনিবার একটি বিয়ে বাড়ির খাবার খেয়ে বর ও কনেপক্ষের শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সমাজসেবী মুরাদ হোসেন বলেন, উপজেলার শশড়া ইউনিয়নের জিন্নাপাড়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে আলতাফ উদ্দিনের সঙ্গে হুগলিপাড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিউদ্দিনের মেয়ে ইমরোজ বেগমের বিয়ে হয়। বিকেলে প্রায় ১০০ জন বরযাত্রী কনের বাড়িতে আসে। বিয়ে পড়ানো শেষে সন্ধ্যায় সবাইকে খেতে দেওয়া হয়। পরে গতকাল বোরবার ভোর থেকে সবার পাতলা পায়খানা আর বমি শুরু হয়।একসঙ্গে সবার পায়খানা ও বমি শুরু হলে প্রথমে আক্রান্ত ব্যক্তিদের স্থানীয় পল্লি চিকিৎসক, ব্র্যাক, সরকারি স্বাস্থ্যকর্মীদের সহায়তায় চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুর দুইটার দিকে মারাত্মক অসুস্থ ৫০ জনকে দিনাজপুর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ২০ জন নারী ও ১২টি শিশু।সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন, সিভিল সার্জনের পরামর্শে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। সিভিল সার্জন মনসুর আলী সরকার বলেন, পচা ও নষ্ট খাবার, সেই সঙ্গে দূষিত পানি ও অপরিষ্কার থালাবাসনে খাওয়ার কারণে একসঙ্গে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে।