বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ শতাধিক
বিয়ে বাড়ির খাবার খেয়ে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তিলকপাড়া গ্রামে বর ও কনেসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে অন্তত ২০ জনকে সাদুল্যাপুর, পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি লোকজনকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল দল স্থানীয়ভাবে চিকিৎসা দিচ্ছে।
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এলাকাবাসী ও অসুস্থ লোকজনের পারিবারিক সূত্র জানা যায়, গত সোমবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজরামপুর গ্রামের তোবারক আলীর মেয়ে বীথি আকতারের সঙ্গে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তিলকপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে আবুল বাশারের বিয়ে হয়। ওই দিন রাতে মেয়ের বাড়িতে বিয়ের খাওয়া শেষে মঙ্গলবার সকালে বরযাত্রীরা গ্রামে ফেরেন। গ্রামে ফেরার পর থেকে ধীরে ধীরে বরযাত্রীরা অসুস্থ হতে থাকে। বর ও কনেও অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টার দিকে অসুস্থ মানুষের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। এই ঘটনায় কনেপক্ষের লোকজনও অসুস্থ হয়েছে বলে জানা গেছে। তাদেরও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ লোকজনের মধ্যে অন্তত ২০ জনকে আজ বুধবার ভোরে সাদুল্যাপুর, পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন খুশি মিয়া বলেন, বিয়ে বাড়ির খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকে পেটের ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে সেরে না ওঠায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান।
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকতার আলম বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বুধবার দুপুরে তিলকপাড়া গ্রামের একটি মেডিকেল দল পাঠানো হয়েছে। দলের সদস্যরা গ্রামের লোকজনকে চিকিৎসাসেবা দিচ্ছে। এ পর্যন্ত ৯১ জন রোগীকে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।