বিয়ে মাদকাসক্তির সমাধান নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ও মনোরোগ চিকিৎসকেরা বলছেন, মাদকাসক্ত ব্যক্তিকে বিয়ে করালে সে মাদক ছেড়ে দেবে—এ ধারণা ঠিক নয়। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৬৪ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন। তাঁরা বলছেন, ধৈর্য নিয়ে চিকিৎসা করালে মাদকাসক্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠে।
গতকাল মঙ্গলবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এই মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান থেকে বেশ কিছু মাদকাসক্ত ব্যক্তিকে পরামর্শ দেওয়া হয়। প্রথম আলো ট্রাস্ট এ মাদকবিরোধী আন্দোলন পরিচালনা করছে।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা বলেন, মা-বাবার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ না হলে সন্তানেরা হতাশায় ভোগে। তারা হতাশা থেকে মাদকাসক্ত হওয়ার পাশাপাশি নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। পরস্পরের সম্পর্ক এমন হবে যাতে সন্তানেরা মা-বাবাকে সবকিছু খুলে বলে।
প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের ৬০তম আসর থেকে ব্যক্তিগতভাবে সমস্যার ধরন অনুযায়ী মনোরোগ চিকিৎসকের পরামর্শ দেওয়া শুরু হয়েছে। কয়েকজন মাদকাসক্ত এবং অভিভাবকেরা বলেছেন, এ আসরে সহজে বিশেষজ্ঞদের রোগী দেখানো যায়। এটি প্রথম আলো ট্রাস্টের ভালো উদ্যোগ। বিনা মূল্যে এই সেবা পেতে +৮৮০১৭১৬২৪২২১৫ নম্বরে যোগাযোগ করে অথবা অনুষ্ঠানে সরাসরি হাজির হয়েও নাম তালিকাভুক্ত করা যায়।
প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আলগিন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ফারজানা রাবিন ও আপন গাঁওয়ের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল রোগীদের পরামর্শ দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী আয়োজন ১৪ নভেম্বর বিকেল সাড়ে চারটায় একই স্থানে অনুষ্ঠিত হবে।