বিয়েতে নোটারি পাবলিকের সনদ চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিয়ের ক্ষেত্রে আর নোটারি পাবলিকের নিবন্ধন গ্রহণযোগ্য হবে না। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘বাল্যবিবাহে দায় কার? প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সম্মিলিত ম্যারেজ রেজিস্ট্রার ফোরাম আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, নতুন বাল্যবিবাহ নিরোধ আইনে বিয়ে নিবন্ধনে রোটারি পাবলিকের সনদ গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, বিয়ের সময় সরকারের প্রতিনিধি হিসেবে ম্যারেজ রেজিস্ট্রাররা সরাসরি উপস্থিত থাকেন। সুতরাং ম্যারেজ রেজিস্ট্রাররা বাল্যবিবাহ নিবন্ধন না করলে বাল্যবিবাহ হবে না। তাঁদের সতর্ক হতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধে ম্যারেজ রেজিস্ট্রার ফোরামের আহ্বায়ক ছাবের আহমদ বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪-এর খসড়া অনুযায়ী ম্যারেজ রেজিস্ট্রাররা (বিয়ে নিবন্ধক) কোনো বাল্যবিবাহ দিলে দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই বিধানটির অপব্যবহার হওয়ার আশঙ্কা আছে। কারণ, এখন পর্যন্ত জন্মনিবন্ধন তথ্য অনলাইনে পাওয়া যায় না। তা ছাড়া সব নিবন্ধক এখন পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে দক্ষ নন। জন্মনিবন্ধনের সার্টিফিকেট দেখে বিয়ে নিবন্ধন করলেও অনেক সময় দেখা যায় জন্মনিবন্ধন সনদটি ভুয়া।