বিয়েতে বাধা, ছেলেকে নদীতে নিক্ষেপ?
দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে জব্দ করতে এক ব্যক্তি তাঁর আট বছর বয়সী ছেলেকে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী গতকাল মঙ্গলবার কুটিল মিয়া (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁর ছেলের নাম জাকির হোসেন (৮)। গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত সে নিখোঁজ ছিল।
গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা গ্রামের বাসিন্দা কুটিল মিয়া সম্প্রতি তাঁর শ্যালিকাকে বিয়ে করার প্রস্তুতি নেন। এতে তাঁর স্ত্রী বাধা হয়ে দাঁড়ান। গত সোমবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে এ নিয়ে ঘরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কুটিল মিয়া ছেলে জাকিরকে মারধর করেন। পরে তিনি কৌশলে জাকিরকে কোলে করে নিয়ে কুশিয়ারা নদীতে ফেলে দিয়ে বাড়ি ফিরে আসেন। ওই সময় ঘটনাটি জানাজানি হলে রাতেই কুটিলকে আটক করে রাখে গ্রামবাসী। কুটিল নদীর পাড়ে গিয়ে ছেলেকে যেখানে ফেলে দিয়েছিলেন, সেই স্থান দেখিয়ে দিলেও সারা রাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলকাছ আলী জানান, গতকাল সকালে কুটিল মিয়াকে আটক করে গ্রামবাসী পুলিশে সোপর্দ করে। কুটিল মিয়া তাঁর শ্যালিকাকে বিয়ে করতে চেয়েছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে ঘটনাটি ঘটে। গতকাল সকালে কুটিলকে পুলিশে সোপর্দের সময় তিনি ছেলেকে নদীতে ফেলার স্থান দেখিয়ে দিয়েছিলেন। সেখানে খোঁজাখুঁজি চলছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছেলে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে থানাহাজতে রাখা হয়েছে। মরদেহ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।