ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কালাছড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তাঁর লোকজন এক সহকারী শিক্ষকের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কমিটির সভাপতি মোহাম্মদ আলী ওই শিক্ষকের কাছ থেকে জোর করে পদত্যাগপত্রেও স্বাক্ষর করিয়ে নিয়েছেন। আতঙ্কে অন্য শিক্ষকেরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেওয়ায় নয় দিন ধরে তা বন্ধ রয়েছে।মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক মো. মোবারক হোসেন পরিচালনা কমিটির সভাপতির দেখানো এক পাত্রীকে বিয়ে না করায় তাঁকে নির্যাতন করা হয়। ১৩ জানুয়ারি বেলা ১১টার দিকে মোহাম্মদ আলী ৮-১০ জনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন। অফিসকক্ষে ঢুকেই তিনি শিক্ষক মোবারক হোসেনের ওপর হামলা চালান। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক। এ ঘটনায় বিচারিক হাকিমের আদালতে মামলাও করেছেন তিনি। মামলায় মোহাম্মদ আলী ছাড়াও তাঁর ভাই জুলফিকার আলী, আবু তালেব ও হামিদ উল্লাহকে আসামি করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি ও তাঁর লোকজন শিক্ষক মোবারক হোসেনের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্র বৈধ করতে অন্য শিক্ষকদেরও তাতে সই করে সম্মতি দিতে বলেন। এতে শিক্ষকেরা রাজি হননি। স্বাক্ষর না দেওয়ার কারণে হামলা হতে পারে—এই আশঙ্কায় তাঁরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ বলেন, ‘এ বিষয়ে আমরা আজ (গতকল মঙ্গলবার) ইউএনওর কার্যালয়ে বৈঠক করেছি।’মোহাম্মদ আলী শিক্ষককে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সে গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিল। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় গ্রামের ছেলেরা তাকে মারধর করেছে।’