বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস খাদে, শিশু নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস খাদে পড়ে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শেয়ারীপুল এলাকায় আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. রায়হান (১১)। হতাহতদের সবার বাড়ি চট্টগ্রামের হালিশহরে। পৌর সদরের বটতল এলাকা থেকে বিয়ের অনুষ্ঠান শেষ করে ফিরছিলেন তাঁরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, আহত অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মারা যায়।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাউছার উদ্দিন প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শেয়ারীপুল এলাকায় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান অচল হয়ে যায়। এ সময় পেছনে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। পরে বাসটি খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।