বিয়েবাড়িতে অসুস্থ শতাধিক বরযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার উত্তর মহেশপুর গ্রামে কনের বাড়িতে এসে তীব্র চোখ জ্বালায় অসুস্থ হয়ে শতাধিক বরযাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। বরযাত্রীদের অভিযোগ, ডাকাতি ঘটানোর জন্য বিষাক্ত কোনো গ্যাস ব্যবহার করায় এমনটি হয়েছে। তবে চিকিৎসকেরা বলছেন, তীব্র আলোতে হিট বার্নের মতো কোনো কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।দিনাজপুর উপশহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন বরের মামা সুজনচন্দ্র দত্ত জানান, ঠাকুরগাঁওয়ের হরিনারায়ণপুর বানিয়াপাড়া গ্রামের কৃষ্ণচন্দ্র দত্তের সঙ্গে দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তর মহেশপুর গ্রামের রামাপদ বসাকের মেয়ে রীতা বসাকের বিয়ের অনুষ্ঠান ছিল শুক্রবার রাতে। ঠাকুরগাঁও থেকে ১৫০ জন বরযাত্রী রাত ১০টার দিকে কনের বাড়িতে আসে।চিকিৎসাধীন কৃষ্ণচন্দ্র দত্তের বৌদি বিভা রানী (২২) বলেন, রাতে বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছালে এক দল যুবক বরযাত্রী বিশেষ করে মেয়েদের ওপর একধরনের সুগন্ধী ছিটিয়ে দেয়। এরপর একটি শামিয়ানার নিচে বসতে দেওয়া হয়। সেখানে জ্বলছিল এক হাজার ওয়াটের চারটি বাতি। রাত ১২টার পর থেকে বরযাত্রীদের চোখ জ্বালা করা শুরু হয়। এরপর একে একে অসুস্থ হতে থাকে।বরের ভাই মিন্টুচন্দ্র বণিক জানান, রাত আড়াইটায় মাইক্রোবাসযোগে অসুস্থ ব্যক্তিদের প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দিলে ৬৫ জনকে ভোরে দিনাজপুরের চক্ষু বিশেষজ্ঞ আনসার আলীর হাসপাতালে আনা হয়। গতকাল সকালে অসুস্থ আরও ৪০ জনকে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়।কনের বাবা রামাপদ বসাক মুঠোফোনে জানান, প্রত্যেক মা-বাবাই মেয়ের সুখ কামনা করেন। কাজেই মেয়েপক্ষের কেউ বরযাত্রীদের অসুস্থতা কামনা করতে পারে না। চক্ষু বিশেষজ্ঞ আনসার আলী বলেন, এ পেশায় গত ২৫ বছরে এ ধরনের ঘটনা এই প্রথম দেখলেন। ঝালাই কাজে তীব্র আলো যেমন চোখের ক্ষতি করে, তেমনি বিয়ে অনুষ্ঠানের তীব্র আলোতে তারা আক্রান্ত হয়েছে। তবে মেয়াদোত্তীর্ণ সুগন্ধী ব্যবহারের কারণেও এটা হতে পারে। রোগীরা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।