বিয়েবাড়িতে আগুন, আনন্দে বিষাদ
রাত নয়টা থেকে শুরু হবে মেহেদি অনুষ্ঠান। প্যান্ডেল-গেট—সবকিছুর কাজ শেষ। ঘরভর্তি মেহমান। হঠাৎ আগুন। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই আগুন। পুড়ে যায় টাকা, স্বর্ণালংকার, আসবাব, কাপড়চোপড়সহ ঘরের সবকিছু।
গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাজিরপাড়া গ্রামের একটি বিয়েবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা।
সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আলমগীরের মেয়ে জেকি আকতারের বিয়ে উপলক্ষে কয়েক দিন ধরে চলছিল আয়োজন। দুপুরের পর থেকে বাড়িতে আত্মীয়স্বজন আসতে শুরু করে। সন্ধ্যার মধ্যে সবকিছু গোছানো শেষ হয়। রাত নয়টা থেকে মেহেদি অনুষ্ঠান শুরু হওয়ার কথা। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মো. আলমগীরের আধা পাকা ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন ছুটে আসেন। আগুনে ঘরের সবকিছু পুড়ে যায়।
আলমগীরের ছোট ভাই একটি বেসরকারি কীটনাশক কোম্পানির কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, আগুনে ৩ লাখ ৩৫ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, আসবাবসহ অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।