বিয়েবাড়িতে খেয়ে ৫০ ব্যক্তি হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে বিয়েবাড়িতে দাওয়াত খাওয়ার পর অসুস্থ হয়ে নারী ও শিশুসহ অর্ধশত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও অসুস্থ ব্যক্তিরা জানান, সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়ার এক বাড়িতে বিয়ে উপলক্ষে ১৯ জুলাই প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে দুই শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। বরযাত্রীরা বিদায় নিলে স্থানীয় অতিথিদেরও খাওয়ানো হয়। ওই খাবার খেয়ে বরযাত্রীদের কোনো সমস্যা না হলেও স্থানীয় নারী ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি ওই দিন রাতেই অসুস্থ হয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কনের বাবা এবং ভাইও আছেন। পরদিন শুক্রবার আক্রান্তদের সৈয়দপুর ১০০ শয্যা, রেলওয়ে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা জানান, বিয়েবাড়ির দাওয়াত খাওয়ার পর রাতে তাঁদের পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে থাকে। পরে শুরু হয় পাতলা পায়খানা ও বমি।