বিয়েবাড়িতে ডাকাতি পালানোর সময় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে বিয়েবাড়িতে ডাকাতি করে পালানোর সময় মালামালসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলার মুক্তারপুর সেতু থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নরসিংদীর পলাশ উপজেলার মো. ইসলাম ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. শফিকুল ইসলাম। সদর থানার পুলিশ জানায়, মুন্সিগঞ্জ পৌরসভাধীন মাঠপাড়া এলাকায় মফিজুল মাস্টারের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। গতকাল ভোর পাঁচটার দিকে ১০ জন ডাকাত ওই বাড়িতে হানা দেয়। ডাকাতেরা সবাইকে জিম্মি করে ২৬-২৭ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা ও অনেকগুলো মুঠোফোন লুট করে। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিয়ে মুক্তারপুর সেতু থেকে শফিকুল ও ইসলামকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় পাঁচটি মুঠোফোন ও তিন-চার ভরি স্বর্ণালংকার। অন্যরা লুণ্ঠিত বাকি মালামাল নিয়ে পালিয়ে যায়। সদর থানার উপপরিদর্শক সিদ্ধার্থ সাহা জানান, শফিকুল ও ইসলাম আন্তজেলা ডাকাত দলের সদস্য। এর আগেও তাঁরা মুন্সিগঞ্জে ডাকাতি করেছেন।