বিয়েবাড়িতে দেয়াল ধসে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার মঙ্গলতাড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে দেয়াল ধসে আনোয়ারা বেগম (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে গ্রামের মোজাম্মেল হকের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা খাওয়াদাওয়ায় ব্যস্ত ছিলেন। এ সময় মোজাম্মেল হকের বাড়ির একটি সীমানাপ্রাচীর ধসে পড়লে ভোজনরত আনোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন অন্যদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের পার্শ্ববর্তী গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সুমি নামের সাত বছরের একটি শিশুও রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ে পড়ানোর পর বরযাত্রীসহ অতিথিদের খাবার পরিবেশনের সময় আকসিঞ্চক ওই দুর্ঘটনা ঘটে। এতে এক গৃহবধূ নিহত ও ১২-১৩ জন আহত হন। সাজ্জাদ আলী বলেন, গতকাল ভোরে টানা দুই ঘণ্টার বৃষ্টিপাতে মাটির ওই সীমানাপ্রাচীর দুর্বল হয়ে পড়ে।