বিয়েবাড়িতে হঠাৎ নীরবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনের বাড়িতে বিয়ের মহা ধুমধাম। গরু-ছাগল জবাই করা হয়েছে। দিনভর চলেছে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন। সন্ধ্যায় বিয়ে। বর আসার অপেক্ষায় আছে সবাই। কিন্তু সন্ধ্যা নাগাদ বরের বাড়ি থেকে খবর আসে, বিয়ের পিঁড়িতে বসার আগেই যৌতুকের টাকা মেটানো না হলে বর আসবেন না। এ কথা শুনে হঠাৎ যেন আকাশ ভেঙে পড়ে কনের দরিদ্র বাবা-মায়ের মাথায়। সারা দিনের এত আনন্দ আয়োজনের মধ্যে গোটা বাড়িতে হঠাৎ নেমে এল নীরবতা। কনের বাবা-মা জ্ঞান হারিয়ে ফেলেন। গত শুক্রবার রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর গ্রামে এই হূদয়বিদারক ঘটনা ঘটেছে। জানা গেছে, রংপুর সদরের হরিদেবপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে হাসু মিয়ার (২৪) সঙ্গে শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল ওই মেয়েটির। হাসু মিয়া পেশায় মুদি ব্যবসায়ী। আর কনের বাবা দিনমজুর। বিয়েতে বরপক্ষ কনের বাবার কাছে যৌতুক চেয়েছিল ৬৫ হাজার টাকা। কনের বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে ওই টাকা দিতে রাজি হন। বরপক্ষ যৌতুকের টাকা বিয়ের আগেই চাইলে মেয়ের বাবা বেকায়দায় পড়েন। একপর্যায়ে ৪ জুন কনের অসহায় বাবা বাড়ির শেষ সম্বল দুটি গরু ৩০ হাজার টাকায় বিক্রি করে বরের বাবার হাতে যৌতুক বাবদ ২০ হাজার টাকা তুলে দেন এবং বাকি টাকা বিয়ের আসরেই দেওয়ার ওয়াদা করেন। জানা গেছে, এতে বরপক্ষ রাজি হয় এবং বিয়ের আয়োজন চলে। এলাকাবাসীর পরামর্শে তিনি একটি গরু ও একটি ছাগল কিনে প্রতিবেশীসহ আত্মীয়স্বজনদের দাওয়াত করেন। বিয়ের আগের দিন কনের গায়েহলুদ দেওয়া হয়। কনের বাবার অভিযোগ, ‘ওই দিন উৎসবের মধ্যেই সন্ধ্যায় বরপক্ষ থেকে সাদেকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আমার বাড়িতে পাঠানো হয়। এ সময় তিনি আমাকে বলেন, বিয়ে পড়ানোর আগেই যৌতুকের বাকি টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় বর আসবেন না।’ কনের বাবা বলেন, ‘এ সময় সাদেকুল ইসলামকে আমি ১৫ হাজার টাকা দিতে চাই এবং বাকি টাকা বিয়ের পর দেব বলে জানাই। এ কথা সাদেকুল ইসলাম মোবাইল ফোনে বরের বাবা, মামা ও চাচাদের জানালে তাঁরা টাকা ছাড়া বিয়েতে আসবেন না বলে জানান। এরপর আমি তাঁদের ফোনে হাতে-পায়ে ধরে বিয়েতে আসার জন্য অনুরোধ করি। কিন্তু তাঁরা আর আসেননি।’ গতকাল শনিবার বিকেলে ওই গ্রামে গিয়ে দেখা যায়, বাড়িতে কনের মায়ের শরীরে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। কনে কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘সবাই আমাকে কপাল পোড়া বলছে। আমি এই মুখ আর কাউকে দেখাব না।’বর হাসু মিয়া বলেন, ‘আমি তো বিয়ে করতে চাইছিলাম। মেয়ের বাপ টাকা দিতে পারেনি। তাই যাইনি।’ তবে হাসু মিয়ার বাবা খাদেমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।’ গতকাল সন্ধ্যায় বর হাসু মিয়া, বাবা খাদেমুল, সাদেকুল ইসলাম, মনিরুজ্জামানসহ সাতজনকে আসামি করে কনের বাবা থানায় এজাহার দিয়েছেন। বদরগঞ্জ থানার ওসি)পৃথ্বীশ কুমার সরকার বলেন, ‘অভিযোগটি আমি দেখিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’