বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শামাকে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ গতকাল রোববার ফরিদপুরের সালথা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়ে ফিরে যান। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয় আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে। ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী জানান, তাঁরা শামা ওবায়েদকে নিয়ে সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের আসাদ মাতুব্বরের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি অভিযোগ করেন, বেলা তিনটার দিকে তাঁরা গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয় মোড়ে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের ১৫ থেকে ২০ জনের একটি দল ঢাল, সড়কি নিয়ে তাঁদের গতি রোধ করে। খবর পেয়ে সালথা থানার ওসি আফসার উদ্দীন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মলয় বোস সেখানে উপস্থিত হন। শামা ওবায়েদ তাঁদের সাহায্য চান কিন্তু তাঁরা সাহায্য করেননি। একপর্যায়ে শামা ওবায়েদ গাড়ি থেকে নেমে হেঁটে বিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু কয়েক পা এগোতেই তাঁকে ঘিরে ফেলা হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা শামা ওবায়েদকে উদ্ধার করে গাড়িতে নিয়ে ফিরে আসেন। তিনি আরও অভিযোগ করেন, ফিরে আসার সময় নেত্রীর গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়, ঢিলও ছোড়া হয়। নগরকান্দা থানার ওসি আফসারউদ্দীন প্রথম আলোকে জানান, শামা ওবায়েদ গোয়ালপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু স্থানীয় লোকজন তাকে সেখানে যেতে দেয়নি। আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মদ ফকির বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকার আরও দুই বছর ক্ষমতায় আছে। এ সময় কোনো বিরোধে গিয়ে আমি আমার স্থানীয় নেতা-কর্মীদের মামলা-হামলার বিপদে ফেলতে চাইনি। তাই ফিরে আসি।’