বিয়ের অনুষ্ঠানে হাজির প্রথম স্ত্রী, পালালেন বর
প্রথম স্ত্রী রেখেই আরেকটি বিয়ে করতে যাচ্ছিলেন বর। গতকাল শুক্রবার দুপুরে মাগুরা শহরের মালঞ্চি কমিউনিটি সেন্টারে পুলিশ ও মহিলা পরিষদের নেত্রীদের নিয়ে ওই বিয়ের অনুষ্ঠানে হাজির হন স্ত্রী শামসুন্নাহার। অবস্থা বেগতিক দেখে পালান বর শফিকুল আজম। শামসুন্নাহার বলেন, মাগুরার শত্রুজিতপুর ইউনিয়নের শফিকুল ভালোবেসে তাঁকে চার বছর আগে গোপনে বিয়ে করেন। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি তিনি জানতে পারেন, মাগুরার স্টেডিয়ামপাড়ার এক নারীকে বিয়ে করতে যাচ্ছেন শফিকুল। এ বিষয়ে শফিকুল তাঁকে জানিয়ে দেন, তাঁর বাবা অসুস্থ থাকায় তাঁদের গোপন বিয়ের কথা বাড়ির কাউকে বলতে পারবেন না। এ ছাড়া বাবার রাজনীতির স্বার্থে তিনি এ বিয়েতে রাজি হয়েছেন বলে দাবি করেন। শামসুন্নাহার বলেন, উপায় না দেখে তিনি শফিকুলের এক আত্মীয়কে বিষয়টি জানান। কিন্তু তিনি বিষয়টির গুরুত্ব দেননি। বাধ্য হয়ে তিনি মাগুরার মহিলা পরিষদের সহায়তায় সদর থানায় অভিযোগ দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অভিযোগ পেয়ে গতকাল বেলা দুইটার দিকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয় পুলিশ। সঙ্গে ছিলেন শামসুন্নাহার ও মহিলা পরিষদের নেত্রীরা। এ সময় শফিকুলের পরিবারের লোকজনের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিয়ের আসর থেকে সটকে পড়েন শফিকুল।এ ব্যাপারে মহিলা পরিষদ মাগুরা জেলার আইনবিষয়ক সম্পাদিকা সুরাইয়া পারভীন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা শামসুন্নাহারের পক্ষে আইনগতভাবে লড়ব। শামসুন্নাহার ও শফিকুল আজমের বিয়ের সব কাগজপত্র আমাদের কাছে আছে।’সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, ‘শামসুন্নাহারের লিখিত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এ বিষয়ে শফিকুল আজমের ভগ্নিপতি টিপু মোল্যা বলেন, ‘শামসুন্নাহারের সঙ্গে বিয়ের বিষয়টি আমরা জানি। এটি পারিবারিকভাবে হয়নি। আমরা ওই বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছি।’