বিয়ের আগেই চিতায়
বিয়ে করে নতুন জীবন শুরু করা হলো না অসীম কুমার দাসের (২৪)। মাত্র এক সপ্তাহ পরই তাঁর বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। নেওয়া হয়েছিল সব প্রস্তুতি। কিন্তু তিনি আর বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। তার আগেই তাঁকে উঠতে হলো চিতায়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে বগুড়ার ধুনট উপজেলার দাসপাড়া গ্রামে।
অসীম ওই গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে। পরিবারের অভিযোগ, টাকার জন্য দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসীম কুমারের সঙ্গে টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার গোপিনাশী গ্রামের নারায়ণ চন্দ্র দাসের মেয়ে পলাশী রানীর বিয়ের দিন ধার্য করা হয়েছিল আগামী রোববার। সে অনুযায়ী বরপক্ষ বিয়ের কার্ড ছাপানো, কেনাকাটা ও আত্মীয়দের দাওয়াতও করেছিল। গত শনিবার রাতে বিয়ের কার্ড বিতরণের জন্য বাইরে গেলে দুর্বৃত্তরা অসীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘাতকেরা তাঁর লাশ পাশের সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার একটি মাঠের মধ্যে ফেলে রাখে। গতকাল রোববার ভোরে গ্রামের লোকজন তাঁর লাশ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে কাজীপুর থানার পুলিশ বেলা ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত অসীমের ছোট ভাই কানন কুমার দাস বলেন, ‘শনিবার রাতের খাবার শেষ করে আমরা দুই ভাই একই ঘরে ঘুমাতে যাই। রাত সাড়ে নয়টার দিকে কয়েকটি বিয়ের কার্ড বিলি করার জন্য অসীম ঘর থেকে বের হয়ে যান। রাতে তিনি আর ঘরে ফিরে আসেনি। পরদিন ভোরে ওঁর লাশ বাড়ির পাশের একটি মাঠে পাওয়া যায়।’
কানন কুমার দাস আরও জানান, বিয়ের খরচের ২০ হাজার টাকা অসীমের কাছে ছিল। ওই টাকা নেওয়ার জন্য দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে পারে।
ধুনট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন তরফদার বলেন, বিয়ের আগেই এ ধরনের ঘটনা দুঃখজনক।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।