বিয়ের আনন্দ সেই কাদা-মাটির খেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের এক কোনায় লুকিয়ে আছেন নানা তাইজুদ্দিন শেখ, নাতনি বৃষ্টি খাতুন খুঁজে পাগলপ্রায়। বাড়ির মধ্যে তখন চলছে মেয়ের গোসল করানো (গা-ধোয়ানো) শেষে কাদা-মাটির খেলা। হঠাৎ নাতনি বৃষ্টির (বড় মেয়ের কন্যা) চোখে পড়ে নানা ঘরের কোনায়। ধরে এনে নানার সারা শরীরে কাদা ছিটিয়ে দেয়, মুখে মেখে দেয় রং।
নানাও কম নন। তিনি নিজেকে বাঁচাতে আর চেষ্টা না করে এবার শুরু করেন অন্যদের মতোই এই কাদা-মাটি খেলা। একপর্যায়ে গোটা বিয়েবাড়ি আনন্দময় হয়ে ওঠে। কনের বাড়িসহ পার্শ্ববর্তী বাড়িগুলোর নারী-পুরুষ সবাই অংশ নেন এই আনন্দে। প্রায় দুই ঘণ্টা চলে কাদা-মাটি মেখে আনন্দ। মাইকে গানের সুরে সুরে চলা এই আনন্দ চলবে আরও এক সপ্তাহ। ফাঁকে ফাঁকে রয়েছে খাওয়াদাওয়ার পর্ব। সবাই মিলে ক্ষীর খাওয়া চলে শরীরে কাদা লেগে থাকা অবস্থায়। কনে তানজিলা খাতুন বিয়ের পিঁড়িতে বসার আগ পর্যন্ত প্রতিবেশীদের এই আনন্দ আজও মনে করিয়ে দেয় গ্রামাঞ্চলের ঐতিহ্যপূর্ণ বিয়েবাড়ির সব আনন্দের কথা।
তানজিলা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তাইজুদ্দিন শেখের মেয়ে। ২৩ জানুয়ারি তাঁর বিয়ে। বিয়ে ঠিক হয়েছে একই উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের ইয়াসিন আলীর সঙ্গে। এই বিয়ে উপলক্ষে এক সপ্তাহ অর্থাৎ ১৭ জানুয়ারি থেকে চলছে মেয়ের গোসল করানো পর্ব।
১৯ জানুয়ারি দুপুরে দেখা যায়, গোটা বিয়েবাড়িতে অন্য রকম আনন্দ চলছে। কাদা-মাটি আর রং মেখে একে অন্যকে জড়িয়ে ধরছে। কারও কোনো কষ্ট নেই। তবে নিজেকে বাঁচানোর চেষ্টা আছে। আর প্রতিপক্ষের চিন্তা, কেউ যেন পার পেয়ে না যায়। এই অবস্থা দেখে মেয়ের ভাই ইয়াসিন আলীর সঙ্গে কথা বললে তিনি বলেন, তাঁরা দুই ভাই, দুই বোন। তানজিলা সবার ছোট। তাঁর বিয়েতে গোটা মহল্লার মানুষ আনন্দে মেতেছে। প্রতিদিন কনেকে গোসল করানো হচ্ছে। আর এই গোসলকে কেন্দ্র করে চলছে কাদা-মাটি আর রং খেলা। এরপর খাওয়ানো হচ্ছে আনন্দে অংশ নেওয়া সবাইকে। রাতে বিয়েবাড়িতে চলছে গানের অনুষ্ঠান। যে অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাড়ির সবাই। গান না জানা ব্যক্তিটিও বাদ পড়ছে না কণ্ঠ দিতে।
প্রতিবেশী ইমদাদুল হক বলেন, এই আনন্দে তাঁরাও অংশ নিচ্ছেন। গা-ধোয়ানো, ক্ষীর খাওয়ানো আর রাতে গানবাজনা হচ্ছে গ্রামবাংলার বিয়েবাড়ির একটা ঐতিহ্য। শহর থেকে এগুলো হারিয়ে গেলেও আজও তাঁরা ধরে রেখেছেন।