বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেল কনেকে
সন্ধ্যা গড়াচ্ছে। বিয়ের আনুষ্ঠানিকতাও প্রায় শেষ। বাকি শুধু কাবিননামা লেখা। এমন সময় অস্ত্রধারী ৮-১০ জন যুবক সেখানে হাজির। তারা বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেল কনেকে। পরে নববধূকে ছাড়াই ফিরতে হলো বর ও বরযাত্রীদের। ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে গত শুক্রবার এ ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়াপ্রবাসী ওই বরের বাড়ি আখাউড়ার মোগড়া এলাকায়। বরের আত্মীয় আলীম মিয়া বলেন, অস্ত্রের মুখে কনেকে তুলে নিয়ে যাওয়ার পর তাঁরা থানায় যান। তবে সেখানেও বেশ কিছু যুবক জড়ো হয়। পরে প্রাণ আর লোকলজ্জার ভয়ে পুলিশের সহায়তায় তাঁরা বাড়ি ফিরে যান।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রব প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনার পরপরই ওই স্থানে যায়। তবে বর বা কনেপক্ষ—কেউই অভিযোগ দেয়নি। পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে, ফাহাদ নামের এক যুবকের সঙ্গে ওই কনের প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।