বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। কিশোরী নাসরিন তখনো জানে না বিয়ের বাস্তবতা। শুধু জানে বিয়ে হবে তার। বিয়ের সাজে সে যখন ‘কবুল’ বলার অপেক্ষায়, ঠিক তখনই হাজির হন স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিয়ের আয়োজন ভেঙে দেন তিনি। গত সোমবার ঘটনাটি ঘটে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) গ্রামে।এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে বরসহ তিনজনকে আটক করেন। বাল্যবিবাহের চেষ্টা ও প্ররোচনার দায়ে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত আটক ব্যক্তিরা থানা হাজতে ছিলেন। তাঁরা হলেন বর ইকবাল হোসেন, জাইদুল ইসলাম ও আবদুল মতিন।উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বলেন, ‘ওই গ্রামে একটি বাল্যবিয়ের খবর পেয়ে মেয়ের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে মেয়ের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন কার্ড আছে কি না দেখতে চাই। এসব দেখাতে না পেরে মেয়ের মা স্বীকার করেন, তাঁর মেয়ের বয়স ১২ বছরের উপরে নয়। তখন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিয়ে বন্ধ করে ইউএনও ও পুলিশকে খবর দেই।’ তিনি জানান, বর ইকবাল হোসেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাতুন গ্রামের বাসিন্দা। তাঁর বয়স ৪৮-৫০ বছর হবে।হাকিমপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মমিনুল ইসলাম বলেন, ব্যবসার সুবাদে ইকবাল হোসেনের সঙ্গে মধ্য বাসুদেবপুর গ্রামের জাইদুল ও মতিনের পরিচয় হয়। গ্রামের রাজ্জাক আলীর স্ত্রী সানু বেগমকে টাকার লোভ দেখিয়ে নাসরিনের সঙ্গে ইকবালের বিয়ে ঠিক করেন জাইদুল ও মতিন। গত সোমবার রাত আটটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলে খবর পেয়ে স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে হাজির হন।ইকবাল হোসেন দাবি করেন, ‘নাসরিনকে বিয়ে করব বলে তার পরিবারকে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার টাকার আসবাব দিয়েছি। বাড়ি করার জন্য চার শতক জায়গা কিনে দিতে চেয়েছি।’ তাঁর আরেক স্ত্রী আছে বলে স্বীকার করেন ইকবাল। টাকা নেওয়ার কথা স্বীকার করে কনের মা সানু বেগম বলেন, ‘অভাবের কারণেই মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়েছি। মেয়ের বাবা জেলে থাকায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। অভাবের সংসারে মেয়েকে লেখাপড়া করাতে পারিনি।’হাকিমপুরের ইউএনও মো. তোফাজ্জল হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যাই। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে আটক করি। পরে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে আটককৃত তিনজনের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দেওয়া না হলে তাঁদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।’