বিয়ের আসরেই তালাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর-কনের মাত্র বিয়ে সম্পন্ন হয়েছে। চলছিল বরপক্ষকে আপ্যায়নের প্রস্তুতি। এ সময় বরের এক ভাইয়ের বিরুদ্ধে কনেপক্ষের এক মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। এ নিয়ে বর ও কনেপক্ষ উত্তেজিত হয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। শেষে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে বিয়ের আসরেই বরকে তালাক দেন কনে। গত শুক্রবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বনগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে।ঘটনার মধ্যস্থতাকারী স্থানীয় ইউপি সদস্য সুজন মিয়া বলেন, ঘটনা নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ছিল। কিন্তু কনেপক্ষ ও কনে আর বিয়েতে সম্মত না হওয়ায় তালাক দেওয়া হয়। তবে বিয়ের আসরে তালাক দেওয়া কনের বিয়ে একদিন পর গতকাল রোববার সম্পন্ন হয়েছে। কনের এক আত্মীয়র সঙ্গে বিয়ে সম্পন্ন হয় বলে ওই পরিবারের বরাত দিয়ে প্রথম আলোকে ইউপি সদস্য নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বনাথ উপজেলার পারুয়া গ্রামের বাসিন্দা বরপক্ষ। পারিবারিকভাবে বিয়ে চূড়ান্ত হওয়ায় গত শুক্রবার বিকেলে তাঁরা কনের বাড়ি যান। এক লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে কাবিন করে বিয়ে সম্পন্ন হয়। রাতে খাওয়ার আয়োজন চলার সময় কনেপক্ষের এক মেয়েকে বরের ছোট ভাই বিয়ে করার কথা বলেন। এতে দুই পক্ষের বচসার জের ধরে বিয়ে ভাঙার পর পরিস্থিতি শান্ত হয়। বরের ছোট ভাই প্রথম আলোকে জানান, উত্ত্যক্ত করার কোনো ঘটনা ঘটেনি। তবে পানসুপারি খাওয়া নিয়ে তাঁর সঙ্গে কনেপক্ষের কয়েকজনের বচসা হয়।