বিয়ের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৯
খাগড়াছড়ি সদরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিয়ের গাড়িবহরে উচ্ছৃঙ্খল তরুণদের অতর্কিত হামলায় বরপক্ষের দুজন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সময় বরপক্ষের একটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আগে থেকে সম্পর্ক রয়েছে দাবি করে খাগড়াছড়ি সদরের কদমতলী এলাকার নরেশ চাকমা (২০) কিছু উচ্ছৃঙ্খল তরুণকে সংঘবদ্ধ করে এ হামলার ঘটনা ঘটায়। এ বিয়ের বিষয়ে বিরোধ দেখা যাওয়ায় সামাজিকভাবে তা মীমাংসার উদ্যোগ নেওয়া হয়, মীমাংসাও করা হয়। সমাজের লোকজনের অনুরোধে পুলিশ ওই বিয়ের নিরাপত্তা দেওয়ার জন্য এগিয়ে আসে। বিয়ের গাড়ির বহর যখন খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীর ব্রিজ পার হয়ে ফায়ার সার্ভিস কার্যালয়ের এলাকায় পৌঁছায়, তখন হামলা চালানো হয়। এতে বরপক্ষের কাকন চাকমা ও জিপগাড়ির চালক এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সাত পুলিশ সদস্য আহত হন। হামলার পর ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে উচ্ছৃঙ্খল তরুণেরা পালিয়ে যায়। এরপর পুলিশ দক্ষিণ খবং পড়িয়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তাঁরা হলেন কৌশিক চাকমা (১৮) ও অপূর্ব চাকমা (১৯)।