বিয়ের জন্য অপেক্ষা করতে বলায় এমন হিংস্রতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপন বড় ভাইয়ের যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন এক যুবক। চট্টগ্রামের বোয়ালাখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় গত বুধবার বিকেলে এই নৃশংস ঘটনা ঘটে। বাড়ি তৈরি পর্যন্ত বিয়ের জন্য অপেক্ষা করতে বলায় ওই দুই শিশুকে হত্যা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার একটি খাল থেকে পুলিশ মাহিন ও মাইশার লাশ উদ্ধার করেছে। দুই শিশুর বয়স চার বছর তিন মাস। এর আগে সকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকা থেকে শিশু দুটির চাচা মোহাম্মদ ওসমানকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘মূলত বিয়ে নিয়ে মহিন-মাইশার মা সাবিনা আক্তারের সঙ্গে গত বুধবার ওসমানের কথা-কাটাকাটি হয়। ওসমান বিয়ের জন্য তাড়াহুড়া করলে বড় করে ঘর তৈরি পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে বলেন সাবিনা। ওই দিন বেলা আড়াইটার দিকে মহিন-মাইশাকে নিয়ে বাড়ি থেকে বের হন ওসমান। স্থানীয় উমদা মিয়ার দোকানে নিয়ে তাদের পেঁয়াজু ও ছোলা খাওয়ান। এরপর তাদের নিয়ে চিকন খালের বাঁশেরপুল এলাকায় যান ওসমান। বাঁশেরপুলের কিছু দূরে নিয়ে দুই হাতে গলা চেপে ধরে শিশু দুটিকে পানিতে নামান। এ সময় শিশুরা জানতে চায়, কেন তাদের পানিতে নামানো হচ্ছে। কোনো উত্তর না দিয়ে পানিতে চুবিয়ে তাদের হত্যা করেন ওসমান।’পুলিশ সূত্র জানায়, এ ঘটনার পর বাড়িতে ফিরে যান ওসমান। দুই শিশুসন্তানকে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান না পেয়ে রাত সাড়ে ১০টার দিকে থানায় যান সাবিনা। তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বাড়ি ফিরে দেখেন ওসমান পালিয়ে গেছেন। ওসি জহিরুল হক বলেন, সন্দেহ হওয়ায় ওসমানকে গ্রেপ্তারে রাতেই অভিযান শুরু হয়। পরে চট্টগ্রাম নগরে তাঁর অবস্থান জানতে পেরে অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তাঁর দেখিয়ে দেওয়া ওই খালের কচুরিপানার নিচ থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।