
জীবনের সবচেয়ে মধুর ও গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? উত্তরে যে কেউ বলবেন—বিয়ে! বিয়ের আনুষ্ঠানিকতায় বাঙালি সাধারণত কার্পণ্য করে না। যাঁরা এখনো বিয়ে করেননি বা করেননি আনুষ্ঠানিকতা, ‘সানসিল্ক-নকশা বিয়ে উৎসব’ তাঁদের জন্য।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘সানসিল্ক-নকশা বিয়ে উৎসব, ২০১৭’। উৎসব প্রাঙ্গণ সাজানো হয়েছে একেবারে বিয়েবাড়ির সাজে। বিয়ের গেট, বরপক্ষ-কনেপক্ষ সবাই প্রস্তুত। এরই মধ্যে সকালে ব্যান্ড পার্টির বাদ্যবাজনাসহ লালরঙা একটি গাড়িতে করে এসে বিয়ের গেটের ফিতা কাটলেন তারকা দম্পতি নাদিয়া ও নাঈম। তাঁদের বরণ করে নেন অভিনেতা শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।
বিয়ের মঞ্চে উঠে নাঈম বলেন, ‘যদিও বিয়ের এক বছর পেরিয়ে গেছে, তবু আজকের এ অভ্যর্থনায় মনে হচ্ছে আবার নতুন করে বিয়ে করলাম।’ বিয়ের এক বছর পর এভাবে বধূ হিসেবে বরণ করায় দারুণ আনন্দিত হয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া। উৎসবে বিয়ের প্রায় সব আয়োজন একসঙ্গে দেখে চমৎকৃতও হয়েছেন তিনি। পরে ‘যদি বউ সাজো গো, আরও সুন্দর লাগবে গো’ গানটির সঙ্গে নাচেন নাদিয়া ও নাঈম।
‘বিয়ের বাজার দেশেই’—এ প্রতিপাদ্য নিয়ে বিয়ে উৎসবের এটি তৃতীয় আয়োজন। আয়োজন করেছে ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্ক এবং প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র নকশা।
বিয়ের সব অনুষঙ্গ নিয়ে উৎসবে বসেছে বিয়ের মেলা। সকাল থেকে রাত পর্যন্ত উৎসবে এসে বিয়ের সব প্রস্তুতি সম্পর্কে ধারণা নিয়েছেন বহু মানুষ। বিকেলের পর সেখানে দেখা যায় উপচে পড়া ভিড়। সাজ, পোশাক, গয়না, খাবারদাবার, হোটেল-রিসোর্ট, বিয়ের ছবি ও ভিডিও, ব্যবস্থাপনা, নেমন্তন্নপত্র তৈরি, ঘর সাজানোর পণ্য—বিয়ে আয়োজনের সবকিছু সরবরাহ বা তৈরির দেশসেরা প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে এই উৎসবে। বিকেলের পর থেকে সরাসরি দর্শকদের নানা প্রশ্নের জবাব দেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, রাহিমা সুলতানা ও আফরোজা পারভীন। কানিজ আলমাস খান এক দর্শকের প্রশ্নের জবাবে বিয়ের পরে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে সুগন্ধি ব্যবহার করার কথা বলেন। এরপরই বিয়ের ছবি নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোকচিত্রী প্রীত রেজা, আক্কাস মাহমুদ ও ডেভিড বারিকদার।
অংশগ্রহণকারী প্রায় সব প্রতিষ্ঠানই তাদের পণ্য বা সেবায় দিয়েছে নানা ছাড় ও উপহার। বিয়ের বাজার দেশেই—এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এ আয়োজনে সম্মেলন কেন্দ্রের মিল্কিওয়েতে বসানো হয়েছে চোখজুড়ানো স্টল ও প্যাভিলিয়ন। আর বিয়ের মূল মঞ্চটি ছিল সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে। সেখানেও স্টল।
বিয়ে উৎসব সবার জন্য উন্মুক্ত। আজ শেষ দিন বিয়ে উৎসব সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। রাতে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিয়ে উৎসব।
যারা অংশ নিয়েছে
ইউনিলিভার, ডায়মন্ড ওয়ার্ল্ড, রেমন্ড, লুবনান, ড্রেসিডেল, মানিক বেনারসি, টাঙ্গাইল শাড়ি কুটির, বেনারসি কুটির, রস, বিক্রমপুর সুইটস, পাপরিকা, লাভেলো আইসক্রিম, মুনসুন ক্যাটারিং, প্রিমিয়ার ক্যাটারিং, পান-সুপারি, স্বাদ পিঠাঘর, মিনা সুইটস, পারসোনা, ডিভাইন বিউটি লাউঞ্জ, রেড বিউটি পারলার, হারমনি স্পা, ওয়েডিং ডায়েরি, ওয়েডিং মোমেন্ট ও এম আর রানা ফটোগ্রাফি, একসায় ইভেন্টস, স্পার্ক ইভেন্ট, রিগাল ফার্নিচার, দেশি ফুল, শাদিয়ানা, এলিগেন্ট সলিউশন, প্রথমা প্রকাশন, গ্রিটিংস স্টুডিও, এডিট পয়েন্ট, মমতাজ ও শর্নাস মেহেদী, এটুজেড টুরস, সায়মন বিচ রিসোর্ট, হোটেল দি কক্স টুডে, জাস্ট হলিডেজ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ঘুরবো ডটকম, আজকের ডিল ডটকম, উডপেকার, প্রিয়শপ ডটকম, চালডাল ডটকম, কুমারিকা, ম্যারেজ সলিউশন, বিবাহ বিডি ও শাদি বাজার ডটকম৷ বিয়ের পালকি, ঘোড়ার গাড়ি বা বাজনার খোঁজখবর নেওয়া যাবে সনাতন নন্দনের স্টলে৷
‘আমার ছবিই সেরা’ প্রতিযোগিতার ফলাফল
বিয়ে উৎসব উপলক্ষে দম্পতিদের জন্য আয়োজন করা হয়েছিল বিয়ের ছবির প্রতিযোগিতা। অনলাইন ভোট ও বিচারকদের রায়ে এতে প্রথম পুরস্কার পেয়েছেন ঢাকার নাজমুল হুদা ওয়ারেসী ও জান্নাতুল ফেরদৌস কেয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন রাকিবুল ইসলাম ও সোহেলী পারভীন এবং চট্টগ্রামের অমিত কুমার চৌধুরী ও শান্তা আইচ দম্পতি।