বিয়ের তিন দিনের মাথায় ছাত্রীর লাশ উদ্ধার
ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার তিন দিনের মাথায় এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টার দিকে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারনাটাবাড়ী গ্রামের সৌদি-প্রবাসী ফজলুল হক সরকারের মেয়ে শোভা আকতার (১৭) বগুড়া হেলথ ওয়েজ শিক্ষাপ্রতিষ্ঠানে প্যারামেডিকেল কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। একই শিক্ষাপ্রতিষ্ঠানের এক সহপাঠীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরিবারের লোকজন তাকে তার ইচ্ছার বিরুদ্ধে গত শুক্রবার রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার থলবাড়ী গ্রামের বিপ্লব হোসেন নামের এক ছেলের সঙ্গে বিয়ে দেন। বিপ্লব শেরপুর উপজেলার একটি বেসরকারি সংস্থায় (এনজিও) হিসাবরক্ষক পদে চাকরি করেন। কিন্তু ক্ষুব্ধ শোভা আকতার শ্বশুরবাড়ি যেতে রাজি হয়নি। ফলে বিপ্লব হোসেন কনের বাড়িতেই থেকে যান। এ ঘটনা নিয়ে বর ও কনের মধ্যে বাসরঘরেই বিরোধ সৃষ্টি হয়। এ অবস্থায় গতকাল সকালে নববধূকে রেখেই বিপ্লব হোসেন শ্বশুরবাড়ি থেকে কর্মস্থলে চলে যান। এর ঘণ্টা খানেক পরেই সকাল ১০টার দিকে পরিবারের লোকজন ঘরে শোভার মৃতদেহ দেখতে পান। তবে শোভার কীভাবে মৃত্যু হয়েছে, তা পরিবারের লোকজন বলতে পারছেন না। এ ঘটনায় নিহত শোভার মা আনোয়ারা খাতুন থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।
আনোয়ারা খাতুন বলেন, ‘আমার মেয়ে দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় আক্রান্ত ছিলেন। অনেক চিকিৎসা করেও ভালো করা সম্ভব হয়নি। তাই রোগ-যন্ত্রণা সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পাড়া-প্রতিবেশীরা আমার মেয়ের নামে অপপ্রচার করছে।’ বিপ্লব হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
শোভার এক বান্ধবী নাম প্রাকাশ না করার শর্তে জানায়, শোভার সহপাঠী এক বন্ধুর সঙ্গে প্রেম ছিল। তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেব বলেন, শোভার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।