বিয়ের দাওয়াত না দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী লিয়াকত আলীর মেয়ের বিয়ে। তাই নিশ্চিতভাবেই দাওয়াত পাওয়ার আশা করেছিলেন কাজী শাহীনুর রহমান। এ জন্য উপহারও কিনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দাওয়াত পাননি। সেই ক্ষোভ আর কষ্টে ভুগছিলেন মাগুরার শালিখা উপজেলার সাবেক খাটোর গ্রামের কাজী শাহীনুর রহমান। এবার তাঁর নিজের মেয়ের বিয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। সবাইকে দাওয়াত দিলেন। কিন্তু আগের অপমানের শোধ নিতে প্রতিবেশী লিয়াকত আলীকে দাওয়াত দেননি। আর সেখানেই বাধে বিপত্তি।

বিয়ের আগের দিন গত বুধবার দুপুরে লিয়াকত আলী তাঁর পরিবারের লোকজন নিয়ে প্রতিবেশী শাহীনুর রহমানের বাড়িতে হামলা চালান। তাঁরা বিয়ের জন্য তৈরি করা গেট-প্যান্ডেলসহ আনুষঙ্গিক সাজসজ্জা ভাঙচুর করেন। এ সময় দুই পক্ষের মারামারিতে লিয়াকত আলীসহ অন্তত আটজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে নড়াইল সদর ও শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লিয়াকত আলীর ভাষ্য, শাহীনুর রহমান তাঁর মেয়ের বিয়েতে দাওয়াত দেননি তাতে তাঁর (লিয়াকত আলী) কোনো আক্ষেপ নেই। কিন্তু তাঁকে অপমান করতে তাঁর বাড়ির দিকে সাউন্ডবক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ জন্য তিনি বিরক্ত হয়ে ওই কাজ করেছেন।

তবে শাহীনুর রহমানের দাবি, ‘বিয়েবাড়িতে হইহুল্লোড় হয়। লিয়াকত আলীর বাড়ির পাশেই। তাই শব্দও সেখানে যেতে পারে। তবে আসল কথা হলো, সে (লিয়াকত আলী) তার মেয়ের বিয়ের দাওয়াত দেবে বলেও আমাকে দাওয়াত দেয়নি। তাই আমিও আমার মেয়ের বিয়েতে তাকে দাওয়াত দিইনি। এটাই হলো তাঁর মূল রাগ। এ জন্য সে লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে। হামলাকারীরা বিয়ের গেট, প্যান্ডেল ও সাজসজ্জা ভাঙচুর করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ওই মারামারির ঘটনায় লিয়াকত আলীসহ দুপক্ষের পাঁচ-ছয়জন আহত হন। তবে বৃহস্পতিবার বিয়ে ঠিকঠাক সম্পন্ন হয়েছে। কোনো ঝামেলা হয়নি। আহত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি আছেন। এখনো মামলা হয়নি।