বিয়ের দাওয়াত না দেওয়ায়...
বোনের বিয়েতে দাওয়াত না দেওয়ায় সুনামগঞ্জের ছাতক উপজেলার ঝিগলী গ্রামে গত শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় দরস মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দরসের বাড়ি ঝিগলী গ্রামে। হামলায় ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত দরস মিয়ার বোনের বিয়ে হয় গত ২৫ জুন। ওই বিয়েতে দাওয়াত না দেওয়ায় ঝিগলী গ্রামে দরসদের প্রতিপক্ষ একটি পরিবারের লোকজন দরস মিয়ার পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়। এ নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দরস বিরোধী পক্ষের বাড়ির উঠোন দিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ প্রতিপক্ষ তাঁর ওপর হামলা করে। তাঁকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন আরও ১০ জন। রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত দরসের মৃত্যু হয়।হাসপাতালে চিকিৎসাধীন দরস মিয়ার ভাই ছোট মিয়া জানান, ভাইকে রক্ষা করতে গিয়ে তিনিসহ ১০ জন আত্মীয়স্বজন আহত হয়েছেন। এর মধ্যে চারজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। তিনি জানান, হামলাকারী পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় বোনের বিয়েতে তাদের দাওয়াত দেওয়া হয়নি। এ জন্য ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালায়। ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, এ ঘটনায় গতকাল রোববার মামলা হয়েছে।