বিয়ের দাবিতে অনশন
জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকায় বিয়ের দাবিতে গত শনিবার রাত থেকে এক তরুণী (১৮) তাঁর প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে প্রতিবেশী এক তরুণের (২২) প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ওই তরুণ বিয়ের আশ্বাস দিয়ে গত শনিবার রাতে তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর কোনো কারণে ওই তরুণ বাড়ি ছেড়ে পালিয়ে যান। এর পর থেকে তরুণী ওই বাড়িতে থেকে খাওয়াদাওয়া বন্ধ করে অনশন শুরু করেন।তরুণীর মায়ের অভিযোগ, প্রতিবেশী তরুণ তাঁর মেয়ের সঙ্গে প্রতারণা করেছেন। তাই তাঁর মেয়ে ওই বাড়িতে অনশন শুরু করেন। তরুণের বাবা বলেন, ‘মেয়েটি আমার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে। এ ব্যাপারে এলাকাবাসী যে সিদ্ধান্ত দেবে, তা মেনে নেব।’ওই তরুণী বলেন, ‘আমাকে বিয়ে না করায় অনশন শুরু করেছি।’ এ ব্যাপারে গত শনিবার রাতে সালিস বৈঠকও অনুষ্ঠিত হয়। কিন্তু একপর্যায়ে হট্টগোল শুরু হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। গ্রামের মাতব্বর জানান, এ ব্যাপারে আবারও বৈঠক হবে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান বলেন, ‘ওই ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’