বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে অবস্থান
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক কিশোরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে মেয়েটি বিয়ের দাবিতে চার দিন ওই কিশোরের বাড়িতে অবস্থান করে। গতকাল মঙ্গলবার মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।
মেয়েটি জানায়, সে অষ্টম শ্রেণির ছাত্রী। ওই কিশোর এসএসসি পাস করেছে। তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে চার মাস আগে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোর তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। কিন্তু পরে তাকে বিয়ে করতে অস্বীকার করে।
মেয়েটির বাবা বলেন, চার দিন আগে তাঁর মেয়ে বিয়ের দাবিতে ছেলেটির বাড়িতে গিয়ে অবস্থান নেয়। তিনি মেয়েকে উদ্ধারের জন্য গতকাল থানায় আসেন। পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু ওই কিশোর ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তিনি এ ঘটনায় মামলা করবেন।
নান্দাইল মডেল থানার এসআই মো. সাফায়াত হোসেন বলেন, ওই কিশোর ও তার পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন।
থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আতাউর রহমান বলেন, মেয়েটির বাবা মেয়েকে উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশের সহায়তা চান। ধর্ষণের বিচার চাইলে মামলা করতে হবে।