বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে টানা চার দিন অনশন করেন এক কলেজছাত্রী (২১)। আজ বুধবারের মধ্যে বিয়ে না করলে ছেলেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গতকাল মঙ্গলবার পুলিশ মেয়েটিকে বাড়ি পাঠিয়েছে।
পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মেয়েটির সঙ্গে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার ওই শিক্ষক মেয়েটিকে নিয়ে বরিশাল শহরে ঘুরতে যান। সন্ধ্যা হলে সেখানে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তাঁরা রাত কাটান। পরদিন সকালে মেয়েটিকে হোটেলের কক্ষে তালাবদ্ধ করে ওই শিক্ষক চলে যান। ডাকাডাকি শুরু করলে হোটেল কর্তৃপক্ষ তালা খুলে মেয়েটিকে উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, তরুণী ওই শিক্ষকের বাড়িতে গিয়ে শনিবার বিকেল থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বিষয়টি মীমাংসার জন্য ইউপি কার্যালয়ে ছেলে ও মেয়ের অভিভাবকদের নিয়ে দুই দফায় বৈঠক করা হয়। কিন্তু শিক্ষকের পরিবার বিয়েতে রাজি হয়নি। পরে বিষয়টি থানায় জানানো হয়। গতকাল পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মেয়েটির অনশন ভাঙায়। পরে মেয়েটিকে বাবার জিম্মায় দেওয়া হয়। পুলিশ শিক্ষকের পরিবারকে আজকের (বুধবার) মধ্যে অনশনকারী মেয়েটি ও শিক্ষকের বিয়ে সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও ওই শিক্ষকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর বাবা বলেন, ছেলে ছুটি নিয়ে কোথায় গেছে তা তিনি জানেন না। বিয়ের বিষয়টি ছেলের ব্যক্তিগত। ছেলে ফিরে না এলে কিছুই বলা যাচ্ছে না।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বুধবারের মধ্যে বিয়ে না করলে শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।