বিয়ের দিনটিকেই বেছে নিল দুর্বৃত্তরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদু মিয়ার বাড়িতে বিয়ের উৎসব। আর দুই ঘণ্টা পর বরযাত্রী আসবে। আনন্দঘন মুহূর্তটি নিমিষে বিষাদে রূপ নেয় একটি খবরে। দুর্বৃত্তরা বিষ মিশিয়ে ইদু মিয়ার খামারের ৫০০ হাঁস হত্যা করেছে। চার দিন আগে একই কায়দায় হত্যা করা হয় আরও ১৭৫টি হাঁস। ধানের সঙ্গে বিষ মিশিয়ে হাঁস হত্যার ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পরাসরপাড়া গ্রামে। ইদু মিয়ার (৪২) পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর ধরে তাঁরা হাঁসের খামার করে লাভের মুখ দেখেছেন। এরই মধ্যে ইদু মিয়ার মেয়ে রোকসানা বেগমের বিয়ে ঠিক হয়। গত রোববার কে বা কারা হাঁসের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যায়। পরের দিন সকালে ওই খাবার খেয়ে খামারের ১৭৫টি হাঁস মারা যায়। ঘটনাটি পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়। আর ১০ দিনের মতো বিয়ের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খামারের প্রায় ৬০০ হাঁসকে নদীতে নিয়ে যাওয়া হচ্ছিল। সাধারণত একটি পথ ধরে হাঁসগুলো যাওয়া-আসা করে। পথে গ্রামের পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় আসার পর কিছু ধান ছড়ানো দেখে হাঁসগুলো ধান খাওয়া শুরু করে। ১০ থেকে ১৫ মিনিটের মাথায় হাঁসগুলো মরতে শুরু করে। আধা ঘণ্টার ব্যবধানে প্রায় ৫০০ হাঁস মরে যায়।ইদু মিয়া বলেন, ‘মেয়েকে বিয়ে দেব—এর চেয়ে আনন্দের আমার জন্য কিছু ছিল না। আমার আনন্দে বিষ মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।’ অবশ্য মেয়ের বিয়ে ঠিকঠাকমতোই হয়েছে বলে জানিয়েছেন তিনি। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল ঘুরে এসেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে নিশ্চিত করে বোঝা যাচ্ছে না।’