বিয়ের দুই সপ্তাহের মাথায় গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের দুই সপ্তাহ পার হতে না-হতেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও অপমান সইতে না পেরে রাহিমা খাতুন (১৮) নামে এক গৃহবধূ আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কালিয়ান গ্রামে। এ ঘটনার পরদিনই রাহিমার স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।অভিযোগে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর নান্দাইল উপজেলার রসুলপুর চরপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে বোরহান উদ্দিনের সঙ্গে কেন্দুয়া উপজেলার কালিয়ান গ্রামের আবদুল আমিন মিয়ার মেয়ে রাহিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পরে রাহিমার স্বামী বোরহান তাঁর কর্মস্থলে চলে গেলে মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা যৌতুকের দাবিতে শ্বশুর-শাশুড়িসহ অন্যরা তাঁর ওপর বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। পরে এ ঘটনা রাহিমা স্বামী বোরহান উদ্দিনকে জানান। এতে তিনি উল্টো তাঁকে গালিগালাজ ও সংসার ভেঙে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে শ্বশুরবাড়ি থেকে গত ২৭ ডিসেম্বর রাহিমাকে তাড়িয়ে দেওয়া হয়। পরে বাবার বাড়িতে ফিরে গত সোমবার সন্ধ্যায় রাহিমা বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক মো. আলমগীর আশরাফ বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।