বিয়ের নামে প্রতারণা, মামলা করে বিপাকে অন্তঃসত্ত্বা কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপনে বিয়ের নাটক সাজিয়ে এক কিশোরীর (১৩) সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে আজম নামের এক বখাটে। পরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আজম বিয়ের বিষয়টি অস্বীকার করে আত্মগোপন করে।এরপর সালিস বৈঠকে বিচার না পেয়ে বাধ্য হয়ে আদালতে মামলা করায় ওই কিশোরী ও তাঁর পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের চর সিন্দুর্ণা গ্রামে।ওই কিশোরী জানায়, প্রায় এক বছর আগে প্রতিবেশী ইব্রাহীমের ছেলে আজমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ২ জানুয়ারি আজম তাকে নিয়ে তার (আজমের) নানার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাতে সেখানে একজনকে নিয়ে আসে আজম। ওই ব্যক্তি নিজেকে কাজি পরিচয় দিয়ে সবুজ রঙের একটা মোটা বইয়ের খাতায় টিপসই নেয় তার। কাজি ঘোষণা করেন, বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এরপর তারা তিন দিন সেখানে স্বামী-স্ত্রী হিসেবে থাকে। কিছুদিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে খুলে বলে। ঘটনাটি আজমের পরিবারকে জানানো হলে আজম আত্মগোপন করে। পরে সালিস বৈঠকে বিচার না পেয়ে গত ৩ জুন মেয়েটি বাদী হয়ে লালমনিরহাট বিচারিক হাকিম আদালত-৩-এ আজম ও তার বাবা ইব্রাহীমকে আসামি করে মামলা করেন। ওই কিশোরী ও তাঁর পরিবারের অভিযোগ, মামলার পর থেকেই আজমের বাবা ও স্বজনেরা তাদের বসতবাড়ি থেকে বিতাড়ন করাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। সুন্দর্ণা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রহিম বাদশা বলেন, সালিসে আজমের পরিবার মেয়েকে গর্ভপাত করার বিনিময়ে ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয়। মেয়ে এতে রাজি না হয়ে আত্মহত্যার হুমকি দিলে সালিসে বিষয়টির সমাধান করা সম্ভব হয়নি। অভিযোগের ব্যাপারে একাধিকবার আজম ও তার বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।