বিয়ের নিমন্ত্রণ দিয়ে বন্ধুকে ডেকে এনে হত্যার চেষ্টা
বিয়ের নিমন্ত্রণ দিয়ে ডেকে এনে গতকাল বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে তারেক মাহবুব ওরফে মুন্না (২১) নামের এক তরুণকে তাঁর বন্ধু হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহজালাল মিয়া (২২) নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শাহজালাল গাইবান্ধা সদর উপজেলার আনালেরটারি গ্রামের আবু ছালেহের ছেলে। তিনি পড়াশোনা করতে দুই বছর আগে ঢাকায় যান। ঢাকায় কুমিল্লার তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের আবদুল করিমের ছেলে তারেক মাহবুবের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারেক ও শাহজালাল একই কলেজে পড়াশোনা করতেন। তারেক পড়াশোনার পাশাপাশি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
এদিকে পড়াশোনা করা অবস্থায় শাহজালাল মাদকাসক্ত হয়ে পড়েন। প্রায় ছয় মাস আগে তিনি বাড়ি ফিরে আর ঢাকায় যাননি। ঈদের পর তিনি বন্ধু তারেককে মুঠোফোনে নিজের বিয়ের নিমন্ত্রণ করেন। নিমন্ত্রণ পেয়ে গতকাল সকাল সাতটায় তারেক কুমিল্লা থেকে গাইবান্ধায় পৌঁছান। এ সময় শাহজালাল বন্ধু তারেককে সুন্দরগঞ্জের ফকিরপাড়া গ্রামে অবস্থিত সোনার বাংলা নামের একটি এনজিওর পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে শাহজালাল ও তাঁর আরও দুই থেকে তিনজন সহযোগী তারেকের কাছ থেকে ২০ হাজার টাকা, মুঠোফোন কেড়ে নেন। তাঁরা আরও ২ লাখ টাকা আনতে তারেককে কুমিল্লার বাড়িতে ফোন করতে বলেন। ফোন করতে অস্বীকৃতি জানালে তাঁরা তারেককে মারধর করেন। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। ভয়ে তিনি চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে পথচারীরা এলে শাহজালাল ও তাঁর সহযোগীরা দৌড়ে পালাতে থাকেন। পথচারীরাও চিৎকার দিয়ে তাঁদের ধাওয়া করেন। পরে আশপাশের লোকজন এসে শাহজালালকে আটক করে পুলিশে দেন। অন্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তারেককে উদ্ধার করে উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছোরা, খালি বস্তা ও রশি উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকে শাহজালালের পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তারেক বলেন, ‘আমাকে বিয়ের নিমন্ত্রণ দিয়ে গাইবান্ধায় ডেকে আনা হয়। গতকাল সকালে বন্ধুর বাড়িতে গিয়ে দেখি বিয়ের অনুষ্ঠানের কোনো চিহ্ন নেই। পরে আমাকে ওই ঘরে নিয়ে ২০ হাজার টাকা কেড়ে নিয়ে আরও ২ লাখ টাকার জন্য বাড়িতে ফোন করতে বলা হয়। ফোন দিতে না চাওয়ায় তাঁরা আমাকে মারধর ও হত্যার চেষ্টা চালান।’ কঞ্চিবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মোকলেছুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে শাহজালাল টাকা কেড়ে নেওয়া ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন।