বিয়ের ন্যূনতম বয়স ১৬ করা হবে আত্মঘাতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শর্ত সাপেক্ষে’ মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর করার সরকারি প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি নামের একটি মোর্চা। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন থেকে এ কথা বলা হয়। ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন ওই মোর্চার অন্তর্ভুক্ত।
সংবাদ সম্মেলনে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। লিখিত বক্তব্যে বলা হয়, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। বর্তমান প্রেক্ষাপটে নারীর বিয়ের বয়স ১৮ বছর থেকেও বরং বাড়ানো উচিত। শুধু বিয়ের বয়স বাড়ানো হলেই বাংলাদেশে যে হারে জনসংখ্যা বাড়ছে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ১৮ বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া মানে বাল্যবিবাহ প্রবর্তন করা।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শিশু অধিকার সনদ ও বাংলাদেশে প্রচলিত আইনের বরাত দিয়ে রোকেয়া কবীর বলেন, ১৮ বছরের কম হলে তাকে শিশু বলা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ১৬ বছরের নিচে কোনো নারীর সম্মতিতে বা অসম্মতিতে যৌন সঙ্গম করলে তা ধর্ষণের অপরাধ। এখন যদি মেয়েদের বিয়ের বয়স ১৬ করে আইন করা হয়, তবে তা হবে আইন করে শিশু ধর্ষণ। বাংলাদেশের মতো জনবহুল দেশে বিয়ের বয়স কমিয়ে আনার সিদ্ধান্ত হচ্ছে আরও বড় বিপর্যয় ডেকে আনা।
লিখিত বক্তব্যে বলা হয়, আইন চূড়ান্ত হওয়ার আগেই সরকার বাল্যবিবাহ রোধে একটি জাতীয় কর্মপরিকল্পনা করেছে। সেখানে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর ধরা হয়েছে। এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তা বাতিলের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সঞ্চালকের বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, তাঁরা শিগগিরই এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেবেন। এই প্রস্তাবকে নারীর অগ্রগতি জলাঞ্জলি দেওয়ার সঙ্গে তুলনা করে তিনি বলেন, তাঁরা এটা হতে দিতে পারেন না।
এই ধরনের প্রস্তাবকে পশ্চাৎপদ চিন্তা হিসেবে উল্লেখ করে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, মেয়েদের বিয়ের বয়স ১৮ না রাখলে তাঁরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, এটা করা হলে যারা তেঁতুলতত্ত্ব বলেন তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান, নারীনেত্রী আফরোজা হক, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের নাসিমা আক্তার প্রমুখ।