বিয়ের পরও পাচ্ছেন বিধবা ভাতা!
বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে বিধবা ভাতার টাকা তোলার অভিযোগ উঠেছে।উপজেলার মহিলাবিষয়ক কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতি গ্রামের মৃত ছাবের আলীর স্ত্রী আনোয়ারা খাতুনের (৪০) নামে গত ২০০৩-০৪ অর্থবছরে বিধবা ভাতার একটি কার্ড (৬৫ নং) বরাদ্দ দেওয়া হয়। ২০০৪ সালের জুলাই থেকে কার্ডের অনুকূলে তিনি প্রতি মাসে ৩০০ টাকা করে পাচ্ছেন। ২০০৫ সালের জানুয়ারিতে পিরহাটি গ্রামের মুকুল হোসেনের সঙ্গে আনোয়ারা খাতুনের বিয়ে হয়। মুকুল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। বিধি অনুযায়ী বিয়ের পর ওই কার্ড বাতিল হওয়ার কথা। মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল বারী জানান, আনোয়ারা খাতুন যখন বিধবা ছিলেন তখন তাঁর নামে বিধবা ভাতার কার্ড দেওয়া হয়েছে। বিয়ের পর ওই কার্ড বাতিল হওয়ার কথা। তিনি বলেন, ‘বিষয়টি মহিলাবিষয়ক কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু কেন ওই কার্ড বাতিল করা হয়নি, তা আমার জানা নেই।’উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন বলেন, ‘আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকেই আনোয়ারা খাতুনের নামে বিধবা ভাতার কার্ড হয়। কেউ বললে আর তুলবে না। আমি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না।’ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা আরজুমান্দ বানু বলেন, ‘বিধবা কার্ডধারী আনোয়ারা খাতুন যে বিবাহিত তা আমার জানা ছিল না। বিয়ের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই কার্ড বাতিল করা হবে।’