বিয়ের পাঁচ দিনের মাথায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পাঁচ দিনের মাথায় পৃথিবী ছেড়ে চলে গেলেন লুৎফা বেগম (২০)। বিয়ের তিন দিন পর আগুনে ঝলসে যায় তাঁর শরীর। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সকালে তিনি মারা যান। লুৎফা কেন বা কীভাবে আগুনে ঝলসে গেলেন, তা তাঁর পরিবার বলতে পারেনি। পুলিশও কিছু জানাতে পারেনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লুৎফার জা নাজমা বেগমকে আটক করেছে পুলিশ।রাজনগর থানা ও লুৎফার পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাজনগর উপজেলার পানিসাইল গ্রামের রাজা মিয়ার সঙ্গে কুলাউড়া উপজেলার মনপাড়া গ্রামের লুৎফার বিয়ে হয়। গত সোমবার ভোরের দিকে লুৎফাকে অচেতন অবস্থায় তাঁর স্বামীর বাড়ির পুকুরঘাটে পাওয়া যায়। লুৎফার শরীরের বেশির ভাগ অংশই আগুনে ঝলসানো ছিল। পরে স্বজনেরা তাঁকে হাসপাতালে ভর্তি করে।লুৎফার যমজ বোন আরিফা বেগম জানান, হাসপাতালে বেশির ভাগ সময়ই অচেতন ছিলেন লুৎফা। তার পরও লুৎফা তাঁকে জানিয়েছেন, রাতে স্বামীর বড় ভাই কাজল মিয়ার স্ত্রী নাজমার সঙ্গে ভাত খান লুৎফা। স্বামী রাজা তাঁকে আঙুরও খাইয়েছেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। এর পরের ঘটনা কিছু মনে করতে পারেননি। স্বামীর সঙ্গে তাঁর কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছেন লুৎফা। আরিফা আরও জানান, রাজা গত মঙ্গলবার বিকেলে লুৎফার জন্য রক্ত আনতে গিয়ে আর ফেরেননি।আত্মগোপনে থাকায় রাজার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রাজনগর থানার ওসি মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।