বিয়ের পিঁড়ি ছেড়ে স্কুলে গেল কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণি পড়ুয়া কিশোরীটির বিয়ের আয়োজন চলছিল সকালে। দুপুরে বিয়ে। বিয়ের প্যান্ডেল তৈরি, গেট সাজানো শেষ। গরু জবাই করে চলছিল রান্না। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা হাজির হন ওই বাড়িতে। কিশোরীর মাকে বুঝিয়ে তাঁর কাছ থেকে বাল্যবিবাহ না দেওয়ার মুচলেকা আদায় করেন তাঁরা। এরপর কিশোরীটিও হাসিমুখে বিদ্যালয়ে পাঠদান নিতে যায়।

গতকাল সোমবার সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ঘটনাটি ঘটেছে । টেকনাফ উপজেলা প্রশাসনের সহায়তায় বাল্যবিবাহের হাত থেকে বেঁচে যায় কিশোরীটি। এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাকসুদ আলম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের নুরুল আমিনের বিয়ে ঠিক হয়। স্থানীয় সাংবাদিকদের কাছে খবর পেয়ে সোমবার সকালে ওই বাড়িতে হাজির হন কর্মকর্তারা। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন না করার শর্তে ছাত্রীর মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর কিশোরীটিকে বিদ্যালয়ে পাঠানো হয়।

ওই ছাত্রী বলে, জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু সে বিয়ে নয়, আরও লেখাপড়া করতে চায়। 

শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর বলেন, উপজেলা প্রশাসনের এ পদক্ষেপ টেকনাফে একটি উদাহরণ সৃষ্টি করেছে। এতে অভিভাবকেরা অপ্রাপ্তবয়স্ক সন্তানকে বিয়ে না দিতে উদ্বুদ্ধ হবেন।

সহকারী কমিশনার তুষার আহমদ প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়েছে। এ জন্য ওই ছাত্রীর শিক্ষক ও সহপাঠীরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।